ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা দেশে ফিরে মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী বানাবেন এমন আশায় আছেন সাবেক এই ক্রিকেটার। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাশরাফিকে নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত অর্থ সহায়তা দেন মাশরাফি। তার দাবি, সর্বশেষ সহিংসতার পেছনেও মাশরাফির মদদ রয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা তার বাড়িতে ভাঙচুর চালানোয় ক্ষুব্ধ মাশরাফি প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেন রাশেদ।
তিনি আরও লেখেন, মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন, বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দেননি তিনি। এ প্রসঙ্গে রাশেদ প্রশ্ন তোলেন, মাশরাফি নিজেই কেন প্রকাশ্যে বলছেন না যে তিনি নিরপরাধ এবং ওই দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি।
মাশরাফির একসময়কার ভক্ত ছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। তার ভাষ্য, ক্ষমতার জন্য বাবা-ছেলে মরিয়া হয়ে উঠেছিলেন।
পোস্টে রাশেদ আরও দাবি করেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এমন আশায় মাশরাফি গত দুই বছর বিরতির পর চলতি বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারলে তার নির্দেশনায় দুই নেতাকে হত্যা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের অভিযোগ, গণঅভ্যুত্থানের সময় মাশরাফির উচিত ছিল পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামা অথবা গণঅভ্যুত্থানের পর ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানো। তবে তিনি আওয়ামী লীগের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন এবং শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন এমন প্রত্যাশা করছেন বলে দাবি করেন রাশেদ।


