...|...|...

জাতীয়

‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৭
Shares
‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে কোনো বিশেষ অভিযানের পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে খবর রটে যে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমন করতে ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো সামরিক-বেসামরিক যৌথ অভিযানের পরিকল্পনা করছে সরকার। ওই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের অপারেশন ক্লিন হার্টের মতো কোনো পরিকল্পনা নেই।'

পুলিশের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে পুলিশ মাঠে কাজ করতে গেলে মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়, এটি নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আসামি গ্রেফতারে কেউ বাধা বা সহায়তা দিলে তার বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সামনে স্থানীয় সরকার নির্বাচন, ডিসেম্বরের আইনশৃঙ্খলা ও বিরোধী দলের আন্দোলন নিয়ে সরকারের ওপর কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, 'সব বিষয়ে আমাদের দায়িত্ব আছে, তবে কোনো চ্যালেঞ্জ নেই।'

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জোন ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন সিআইডির অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।