...|...|...

জাতীয়

এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৫
Shares
এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

ছবি: সংগৃহীত

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের ডাকা দুই দিনের সারা দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি এবং সুফলপ্রসূ বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা দেয় ব্যবসায়ীদের সংগঠন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এলপিজি অপারেটরদের সংগঠন ‘এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে রান্নার গ্যাসের সরবরাহ ঘিরে তৈরি হওয়া জনভোগান্তির আশঙ্কা কেটে গেছে।

এর আগে সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সাথে জরুরি বৈঠকে বসেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আন্তর্জাতিক বাজার ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে অযৌক্তিক ধর্মঘট ডাকার চেষ্টা করা হলে ১৯৫৬ সালের জরুরি আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে কৃত্রিম সংকট সৃষ্টি বা দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।' জনগণকে জিম্মি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, প্রশাসনিক হয়রানি ও নানা দাবির মুখে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তবে সরকারের কঠোর অবস্থান ও সফল আলোচনার পর পূর্বঘোষিত এই কর্মসূচি থেকে সরে এলেন ব্যবসায়ীরা।