দীর্ঘ নয় বছরের অপেক্ষা। কত খোঁজাখুঁজি, কত উৎকণ্ঠা—মেয়ের সন্ধান না পেয়ে একসময় যেন আশা হারাতে বসেছিলেন মা জাহানারা বেগম। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। দীর্ঘ নয় বছর পর ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া মেয়ে রমুজা আক্তারকে (৩৯)। মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রমুজা। আর হারানো সন্তানকে ফিরে পেয়ে আনন্দাশ্রুতে ভিজে ওঠে মা জাহানারার চোখ। মা-মেয়ের এই পুনর্মিলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের সহযোগিতায় রাজশাহীর একটি নিরাপদ আবাসন কেন্দ্র থেকে রমুজাকে তার মা ও বোনের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে আদালত ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাহানারা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে নিখোঁজ হওয়ার পর রমুজাকে সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশের উদ্যোগে আদালতের মাধ্যমে রাজশাহী শহরের বায়া এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত মহিলা ও শিশু-কিশোরীদের নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফহোম) পাঠানো হয়। এরপর দীর্ঘ সময় সেখানেই ছিলেন তিনি। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। পরে পরিবারের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
রমুজা আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাদমারা ইউনিয়নের রত্নপুর গ্রামের কবির আহাম্মদ ও জাহানারা বেগমের মেয়ে।
জাহানারা বেগম জানান, ২০০৭ সালে পাশের রামগড় উপজেলার বালুখালী গ্রামের মনসুর আলী চকিদারের সাথে মেয়ের বিয়ে দেন তিনি। রমুজার সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অভাব-অনটন ও পারিবারিক অশান্তির মধ্যে ২০১৭ সালে হঠাৎ নিখোঁজ হয়ে যান রমুজা। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়ের সন্ধান পাননি তিনি।
জাহানারা বেগম বলেন, মেয়েকে হারানোর পর অনেক জায়গায় খুঁজেছি। কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। দীর্ঘ নয় বছর পর মেয়েকে ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত। এ জন্য আদালত ও পুলিশের প্রতি কৃতজ্ঞ।
স্থানীয় জনপ্রতিনিধি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘ নয় বছর পর মা-মেয়ের মিলন দেখে সবাই আনন্দিত। এত দিন পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থাকায় রমুজা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে তিনি জানান।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জের চৌহালী থানার পুলিশ বাদী হয়ে রমুজার নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করে।
পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহীর নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠানো হয়। সম্প্রতি সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। এরপর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশের সহযোগিতায় তাকে রাজশাহী থেকে রামগড়ে আনা হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রমুজাকে তার মা ও বোনের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ নয় বছরের বিচ্ছিন্নতা পেরিয়ে পরিবারের কাছে ফিরে আসা রমুজার এই পুনর্মিলন স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে এনেছে।


