মিয়ানমারের ইয়াংগুনে এএফসি নারী চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ডে সহজ জয় পেয়েছে ঋতুপর্ণা চাকমাদের দল আইয়ুওয়াডি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘এফ’ গ্রুপের ম্যাচে লেবাননের ক্লাব নো লিমিটসকে ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।
এই জয়ে টুর্নামেন্টে টানা দুই ম্যাচ জিতল আইয়ুওয়াডি। নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলে হারিয়েছিল দলটি।
প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকলেও এদিন বেঞ্চে ছিলেন বাংলাদেশি উইঙ্গার ঋতুপর্ণা। ম্যাচের ৬৪ মিনিটে উই কাসাইয়ের বদলি হিসেবে যখন তিনি মাঠে নামেন, ততক্ষণে ৬-০ ব্যবধানে এগিয়ে ছিল আইয়ুওয়াডি।
যোগ করা সময়ে গোলের খাতা খোলার দারুণ সুযোগ পেয়েছিলেন ঋতুপর্ণা। সতীর্থ উইন থিয়েংগি তুনের শট পোস্টে লেগে ফেরত এলে বক্সে ফাঁকায় বল পান তিনি। তবে বল লাফিয়ে একটু উঁচুতে ওঠায় বাঁ পায়ের ভলি নিখুঁত হয়নি, শট চলে যায় পোস্টের বাইরে।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নিউ তাইপে সিটি হাং ইউয়ানের মুখোমুখি হবে ঋতুপর্ণার দল।


