দেশের ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক মর্যাদা বাড়াতে বড় পরিসরে সম্মানি কর্মসূচি সম্প্রসারণ করছে সরকার। এর আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী আর্থিক সুবিধা পাবেন। এ কর্মসূচির জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে দ্বিতীয় পর্যায়ের এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানি এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো তাদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সমাজে অবদান ও দায়িত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।
কর্মসূচির আওতায় থাকা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন এ সুবিধা পাবেন।
নির্ধারিত সম্মানির কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও সরকারি সম্মানির আওতায় আসবেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে কাজ করেন। বিশেষ করে গ্রামাঞ্চলে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নির্দিষ্ট আয়ের সুযোগ কম। নিয়মিত সম্মানি চালু হলে তাদের জীবনযাত্রায় কিছুটা আর্থিক স্বস্তি আসবে বলে আশা করছে সরকার।
পাইলট প্রকল্প থেকে বড় পরিসরে কর্মসূচি
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানি দেওয়ার উদ্যোগটি প্রথমে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম এবং ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন ছিলেন। অন্যরা খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাকর্মী।
প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতা পর্যালোচনা করে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানির অর্থ তুলে দেবেন তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ উদ্যোগ কেবল ধর্মীয় দায়িত্ব পালনকারীদের আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ধর্মীয় সম্প্রীতি, সামাজিক নিরাপত্তা এবং সব ধর্মের মানুষের সমান মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
স্থানীয় পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা বাড়লে সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ আরও কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে।
তবে কর্মসূচির সুফল নিশ্চিত করতে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরি, তথ্য যাচাই, নিয়মিত অর্থ বিতরণ এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর তদারকি প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন প্রশাসনিক জটিলতার কারণে এ সুবিধা থেকে বাদ না পড়ে, সেদিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।
এদিকে সম্মানি কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সেলের অষ্টম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।


