...|...|...

জাতীয়

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেওয়ার পরিকল্পনা সরকারের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৭
Shares
প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেওয়ার পরিকল্পনা সরকারের

ছবি: সংগৃহীত

প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহন করার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠানোর খরচের অর্ধেক সরকার বহনের উদ্যোগ নিচ্ছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য ব্যক্তিকে যোগ্য দেখিয়ে পাঠালে এবং বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। জানান, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনার কথাও বলেন আরিফুল হক চৌধুরী। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা দেওয়ার পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন তিনি।