তামিল সিনেমার বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৮০০ কোটি রুপি ছাড়িয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই আয়ের মধ্য দিয়ে তামিল চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার জায়গা করে নিয়েছে এটি। মুক্তির পরও প্রেক্ষাগৃহে দর্শক টানছে ছবিটি।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল এটি। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারত ও বলিউডের একাধিক তারকা। ছবিটির সাফল্যের পাশাপাশি আলোচনায় এসেছে শিল্পীদের পারিশ্রমিকও।
আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন রজনীকান্ত। তার সম্মানী হিসেবে ১১০ কোটি রুপি দেওয়ার কথা শোনা যাচ্ছে। এর বাইরে সিনেমার মুনাফার একটি অংশও তার পাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে তার আয় প্রায় ১৮০ কোটি রুপি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘জেলার ২’-তে আবারও ম্যাথিউ গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম তারকা মোহনলাল। এ সিনেমায় কাজের জন্য তার পারিশ্রমিক প্রায় ৩০ কোটি রুপি বলে জানা গেছে। অন্যদিকে, অতিথি চরিত্রে অভিনয় করা বলিউড তারকা হৃতিক রোশন পেয়েছেন ২৫ কোটি রুপি- এমনটাই দাবি বিভিন্ন প্রতিবেদনে।
এ ছাড়া বিজয় সেতুপতির পারিশ্রমিক ১৫ কোটি রুপির বেশি বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা বিদ্যা বালান পেয়েছেন ৬ কোটি রুপি। এস জে সুরিয়ার সম্মানী ৩ থেকে ১০ কোটি রুপির মধ্যে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানানো হয়েছে। আর সুরাজ ভেঞ্জামুডুর পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। তার পারিশ্রমিক হিসেবে ২০ কোটি রুপি দেওয়ার খবরও প্রকাশিত হয়েছে।
তবে ‘জেলার ২’-এর শিল্পীদের পারিশ্রমিকের এসব অঙ্ক নির্মাতা বা সংশ্লিষ্ট তারকাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রের বরাতেই তথ্যগুলো সামনে এসেছে।


