ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন নির্মাতা আদনান আল রাজীব। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। আর প্রথম সিনেমাতেই জুটি হিসেবে পাচ্ছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘অপলক’।
বুধবার (৪ নভেম্বর) সিনেমাটিতে অভিনয়ের জন্য নির্মাতা ও দুই অভিনয়শিল্পীর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আদনান আল রাজীব লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “অপলক”। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।’
তিনি আরও লেখেন, ‘আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।’
এর আগে নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিলেন আদনান আল রাজীব। জানিয়েছিলেন, এটি হবে একটি প্রেমের গল্প। তবে তখন সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করেননি তিনি। অবশেষে ‘অপলক’ নামের পাশাপাশি সামনে এলো সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর অভিনয়ের খবর।
‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব। পাশাপাশি বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ।
এবার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’ নির্মাণের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই নির্মাতা। অন্যদিকে নিশো ও মেহজাবীনের নতুন এই জুটি বড় পর্দায় কেমন রসায়ন তৈরি করে, তা নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

