যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে এবার শুধু কাছাকাছি নয়, দূরবর্তী মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব জেনারেল মোহসেন রেজাই। এছাড়া ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও ইরানকে নিয়ে একটি উপসাগরীয় ইউনিয়ন গঠনে তেহরান দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার ইরানে হামলা চালায়, তাহলে তেহরান এমন সব দূরবর্তী মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করবে, যেগুলোতে এখনও হামলা চালানো হয়নি। খবর আলজাজিরার।
রেজাই আরও বলেন, ইউরোপের কোনো দেশ থেকে মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন করে ইরানে হামলা চালালে, সেই দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিও ইরানের হামলার লক্ষ্য হবে।
যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনায় ইরানের প্রথম অগ্রাধিকার কী—এ প্রশ্নে রেজাই বলেন, সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানো, বিশেষ করে লেবাননে সংঘাত বন্ধ করা, তেহরানের কূটনৈতিক এজেন্ডার প্রথম বিষয়।
তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো আলোচনা চলছে না। তবে তেহরান সাতটি শর্ত উপস্থাপন করেছে এবং এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে।
ইরানের আগের হামলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তেহরান যখন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়, তখন আরব দেশগুলোর কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি।


