...|...|...

জাতীয়

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, তবু কেন বাড়তি ছুটি নেই চাকরিজীবীদের?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩২
Shares
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, তবু কেন বাড়তি ছুটি নেই চাকরিজীবীদের?

ছবি: সংগৃহীত

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে চলতি বছর সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটি উপভোগের সুযোগ থাকছে না। কারণ, ২০২৬ সালের ৭ নভেম্বর পড়েছে শনিবার, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে দিনটিতে সাধারণ ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান। তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটির মধ্যেই দিনটি পড়ে গেছে। ফলে নতুন করে অতিরিক্ত ছুটি পাওয়ার সুযোগ থাকছে না।

এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হবে। একই সাথে দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি কার্যকর থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে দিবসটি পড়ায় ২০২৬ সালে সরকারি চাকরিজীবীরা আলাদা কোনো ছুটির সুবিধা পাচ্ছেন না।