ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাথে যোগসাজশ করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৬০ জন শিয়া ধর্মীয় নেতা বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (বিআইআরডি)।
সোমবার (১৬ নভেম্বর) দেশটির উচ্চ ফৌজদারি আদালত এ রায় দেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাহরাইনের শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিম। তিনি ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন। এর আগে ২০১৬ সালে সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়া ও বিদেশি স্বার্থে কাজ করার অভিযোগে তাঁর নাগরিকত্ব বাতিল করে বাহরাইন সরকার।
দেশটির সরকারি কৌঁসুলিদের অভিযোগ, আসামিরা আইআরজিসির সাথে সংশ্লিষ্ট একটি সংগঠন গড়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন। পাশাপাশি মসজিদ, ধর্মীয় বক্তব্য, দাতব্য ও শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রচার এবং অনুমতি ছাড়া অর্থ সংগ্রহের অভিযোগও আনা হয় তাঁদের বিরুদ্ধে।
আদালত কয়েকজন আসামিকে এক লাখ বাহরাইনি দিনার করে জরিমানা করেছেন। একই সাথে ৮০ লাখ দিনারের বেশি অর্থ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। বিআইআরডির অভিযোগ, আসামিদের নির্যাতন, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং আইনজীবীর সহায়তা পাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২০টি মানবাধিকার সংস্থাও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে।
অন্যদিকে, বাহরাইনের সরকারি কৌঁসুলিরা দাবি করেছেন, বিচার চলাকালে আসামিদের আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর বাহরাইনে উত্তেজনা বেড়েছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর রয়েছে। তবে বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।


