...|...|...

রাজনীতি

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, নিরাপত্তা সহযোগিতা চাইলো ১১ দল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, রাত ১১:১৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ১২:৩৮
Shares
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, নিরাপত্তা সহযোগিতা চাইলো ১১ দল

ছবি: সংগৃহীত

আগামী ৫ সেপ্টেম্বর থেকে চার রুটে শুরু হতে যাওয়া লংমার্চ কর্মসূচিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এ সহযোগিতা চাওয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাথে বৈঠক করেন জোটের শীর্ষ নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সন্ধ্যা ৭টার দিকে আইজিপির সাথে সাক্ষাৎ করে। বৈঠকে লংমার্চের বিভিন্ন রুট, পথসভা ও কর্মসূচির নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার, বিদ্যুৎ ও গ্যাসসংকটসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি জানান, কর্মসূচি নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট ঢাকার মহাসমাবেশ থেকে চার বিভাগে লংমার্চ কর্মসূচির কথা জানিয়েছিল জোটটি। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম দিয়ে এই লংমার্চ শুরু হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা ও ২৪ অক্টোবর সিলেটের উদ্দেশ্যে লংমার্চ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।