...|...|...

ক্যাম্পাস

৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ প্রার্থী বাদ, প্রতিবাদে চাকসুর অবস্থান কর্মসূচি

চবি প্রতিনিধি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ৯:১৬
Shares
৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ প্রার্থী বাদ, প্রতিবাদে চাকসুর অবস্থান কর্মসূচি

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে ৫৭ জন প্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চাকসুর আহ্বানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে চাকসু নেতৃবৃন্দ, বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করেন। তারা ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের দ্রুত গেজেটভুক্ত করে নিয়োগ দেওয়ার দাবি জানান।

চাকসুর নেতৃবৃন্দ বলেন, পিএসসির সুপারিশের পর ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নাম প্রকাশ করা হলেও সুপারিশপ্রাপ্ত আরও ৫৭ জনের নাম রাখা হয়নি। তাদের বাদ পড়ার কারণও চূড়ান্ত গেজেটে স্পষ্ট করা হয়নি। এ অবস্থায় বাদ পড়া প্রার্থীদের বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা এবং দ্রুত নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচি শেষে চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় বক্তব্য দেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব।

সাঈদ বিন হাবিব বলেন, নির্বাচিত সরকার গঠনের পর থেকে বিভিন্ন সরকারি নিয়োগে ক্রমাগত মেধাবীদের বঞ্চিত করার প্রয়াস চলমান।

তিনি আরও বলেন, আমাদের নতুন করে ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে প্রবেশ করানোর ব্যর্থ চেষ্টা সরকারের জন্য বুমেরাং হবে। অনতিবিলম্বে ৪৯ তম বিসিএসের নিয়োগবঞ্চিত প্রার্থীদের গেজেটভুক্ত করতে হবে।

তিনি বলেন, সরকারি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সাথে ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের দ্রুত নিয়োগের আওতায় আনার দাবি জানান তিনি।