চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় তিন হাজার শিক্ষার্থীকে নিয়ে বড় পরিসরে মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। আটটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি রক্তদান কর্মসূচিও থাকবে।
মেডিকেল ক্যাম্প আয়োজন নিয়ে গত ২০ সেপ্টেম্বর সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষের সাথে প্রথম দফায় বৈঠক করে চাকসু। এর ধারাবাহিকতায় আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ক্যাম্পের আয়োজন, চিকিৎসাসেবার পরিধি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আটটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেবেন। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে চিকিৎসাসেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচিও আয়োজন করা হবে।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সাজিনাজ হসপিটালের একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা বিশেষ ছাড়ে হাসপাতালটিতে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন।
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, মেডিকেল ক্যাম্প স্থায়ী কোনো সমাধান নয়, তবে এর মাধ্যমে শিক্ষার্থীরা সাময়িক সুবিধা পাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হলে শিক্ষার্থীরা মৌলিক চিকিৎসাসেবা পাবেন।
তিনি আরও বলেন, আমরা আশা করবো, শিক্ষার্থীদের মৌলিক বিষয় বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমান মেডিকেল সেন্টারকে হাসপাতালে রূপান্তর করবেন।
চাকসুর এই উদ্যোগের মাধ্যমে একদিকে শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদি চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, অন্যদিকে ক্যাম্পাসে স্থায়ী চিকিৎসা অবকাঠামোর প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে এসেছে।

