...|...|...

জাতীয়

৩-৪ গুণ বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, রাত ৯:২৩
Shares
৩-৪ গুণ বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

মার্কিন-চীন প্রতিযোগিতাসহ পরাশক্তিগুলোর বৈশ্বিক দ্বন্দ্বের প্রভাব বাংলাদেশের মতো ভোক্তা পর্যায়ের উন্নয়নশীল দেশগুলোর ওপর পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তার ভাষ্য, নিজেদের কোনো সম্পৃক্ততা না থাকলেও যুদ্ধের প্রভাবে এসব দেশকে তিন থেকে চার গুণ বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক লিডারশিপ ফোরাম সেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, বিশ্বজুড়ে অস্থিতিশীলতা ও সংঘাতের পরিবর্তে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন। একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে তিনি তরুণ প্রজন্মকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, গত দুই দশকের পরিকল্পিত নেতৃত্বের শূন্যতা কাটিয়ে তরুণ প্রজন্মকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, যেকোনো বড় জাতীয় সংকটে পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া বাংলাদেশের অন্যতম বড় শক্তি। দেশকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে পুরো জাতি এখন একমত বলেও মন্তব্য করেন তিনি।

পার্থ আরও বলেন, বিগত বছরগুলোতে পরিকল্পিতভাবে তরুণদের রাজনীতি ও দেশ গড়ার কর্মসূচি থেকে দূরে রাখা হয়েছিল। এর ফলে বর্তমানে একটি গভীর নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। তরুণদের এই মনস্তাত্ত্বিক দূরত্ব দূর করে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।