দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য কেনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করেন তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজন মাহমুদ জানান, তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত এসব বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক সুবিধা সরেজমিনে যাচাই করতেই সেগুলো চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ছাত্রীদের জন্য কয়েক ধরনের বাইসাইকেল উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী নিজেই সেগুলো চালিয়ে দেখেন।
সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এ উপহার পাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


