...|...|...

বিশ্ব

৩ মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সাইয়েদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩২
Shares
৩ মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সাইয়েদের

নির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে—এমন দেশগুলোকে যুক্তরাষ্ট্রের শর্তহীন আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার নীতি বদলানোর আহ্বান জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ। এ ক্ষেত্রে পাকিস্তান, মিসর ও সৌদি আরবের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। খবর ফার্স্টপোস্টের।

পিবিএস নিউজআওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রগতিশীল এই ডেমোক্র্যাট নেতা বলেন, মার্কিন করদাতাদের অর্থ অন্য দেশের জন্য শর্তহীন সামরিক সহায়তায় ব্যয় করা উচিত নয়।

এল-সাইয়েদ বলেন, তিনি কর দেন না মিসর সরকারকে ট্যাংক কিনে দেওয়ার জন্য। একইভাবে পাকিস্তান কিংবা সৌদি আরব সরকারকেও শর্তহীন সামরিক সহায়তা দেওয়ার পক্ষে নন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে এবিসি নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারেও একই অবস্থান তুলে ধরেন নবনির্বাচিত এই সিনেটর। তার বক্তব্য, কোনো দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকলে সেখানে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করার বিষয়টি নতুন করে পর্যালোচনা করা উচিত।

এল-সাইয়েদের মতে, যুক্তরাষ্ট্রকেও নিশ্চিত করতে হবে যে তার নিজের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ নীতি শুধু ইসরাইলের ক্ষেত্রে প্রয়োগ করলে হবে না; মিসর, পাকিস্তান ও জর্ডানের ক্ষেত্রেও একই মানদণ্ড অনুসরণ করা উচিত।

নিজের পারিবারিক শিকড় মিসরে উল্লেখ করে তিনি বলেন, মিসরের ক্ষেত্রেও তিনি একই নীতি অনুসরণ করবেন। আন্তর্জাতিক আইন কার্যকর করার প্রশ্নে যুক্তরাষ্ট্রকে সবার আগে নিজের অবস্থান স্পষ্ট ও দায়িত্বশীল করতে হবে।

যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া কোনো দেশ সেই অর্থ ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে সেখান থেকেই ওয়াশিংটনের নীতিগত পর্যালোচনা শুরু হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এল-সাইয়েদের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ ইসরাইলকে দেওয়া বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েন তিনি।

নির্বাচনে জয়ের পর ইসরাইলকে সামরিক সহায়তা কমানোর ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানান এল-সাইয়েদ। এ ক্ষেত্রে প্রেসিডেন্টের অবস্থানকে সঠিক বলে মন্তব্য করেন তিনি।

একই সাথে ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ আরোপেরও আহ্বান জানিয়েছেন এল-সাইয়েদ। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কিছু অস্ত্র গণহত্যা ও বর্ণবৈষম্যমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, গণহত্যা ও বর্ণবৈষম্যের মতো কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকি রয়েছে—এমন অস্ত্র ইসরাইলের কাছে বিক্রি বন্ধ দেখতে চান তিনি।

বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইসরাইলকে বছরে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে।