...|...|...

বিশ্ব

৩ বার শয়তান ‘দেখেছিলেন’ পোপ ফ্রান্সিস, মৃত্যুর পর প্রকাশ্যে ডায়েরির চাঞ্চল্যকর তথ্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৭
Shares
৩ বার শয়তান ‘দেখেছিলেন’ পোপ ফ্রান্সিস, মৃত্যুর পর প্রকাশ্যে ডায়েরির চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত

জীবদ্দশায় তিনবার শয়তানকে দেখেছিলেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ-ফ্রান্সিস। এমনকি একবার নরকের দরজাও দেখেছিলেন বলে নিজের ব্যক্তিগত ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি। 

বার্তাসংস্থা এএফপি বলছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত একটি নতুন বইয়ে উঠে এসেছে তার এমন চাঞ্চল্যকর দাবি।

আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজের লেখা ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইটিতে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পোপের ব্যক্তিগত ডায়েরির বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। এতে তার আধ্যাত্মিক অভিজ্ঞতা, উদ্বেগ, অনুশোচনা, আত্মসমালোচনা ও ধর্মীয় বিশ্বাসের বিষয়গুলো উঠে এসেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি আরো জানিয়েছে, ২০২১ সালের ২৪ জানুয়ারি ডায়েরিতে পোপ ফ্রান্সিস এমন তিনটি ঘটনার কথা উল্লেখ করেন, যখন তিনি শয়তানকে সশরীরে দেখেছিলেন বলে বিশ্বাস করতেন।

প্রথমবার বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালে গাড়িতে করে বাড়ি ফেরার সময় শয়তানকে দেখেছিলেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, শয়তানের চোখ একই সঙ্গে ভীতিকর ও আকর্ষণীয় ছিল, যা তিনি কখনো ভুলতে পারেননি।

দ্বিতীয়বার একটি কারমেলাইট চ্যাপেলে প্রার্থনা অনুষ্ঠানের সময় একই ধরনের অভিজ্ঞতা হয় তার। সেবার শয়তানের চোখ আগুনের ঝলকের মতো ছিল বলে ডায়েরিতে উল্লেখ করেন তিনি।

তৃতীয়বার চিলি সফর শেষে রোমে একটি বৈঠকের সময় শয়তানকে দেখার পাশাপাশি তার কণ্ঠস্বরও শুনেছিলেন বলে দাবি করেন পোপ ফ্রান্সিস।

এ ছাড়া ২০১৮ সালের ৭ জুন ডায়েরিতে তিনি লেখেন, আগের রাতে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় নরকের দরজা দেখতে পেয়েছিলেন। সেই দৃশ্য তাকে আতঙ্কিত করেছিল। এ সময় প্রার্থনার জপমালাকে আত্মরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন বলে জানান তিনি।

ব্যক্তিগত ডায়েরিতে নিজের অহংকার, ঈর্ষা, ক্ষোভ ও অতীতের ভুল নিয়েও অকপটে আত্মসমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। জীবনের শেষ সময়, বার্ধক্য ও মৃত্যুচিন্তার কথাও বারবার উঠে এসেছে তার লেখায়।

২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার আগে ডায়েরির ৮৬ পৃষ্ঠা এবং নির্বাচিত হওয়ার পর আরও ৫৫ পৃষ্ঠা লিখেছিলেন তিনি।

২০২৫ সালের ২১ এপ্রিল মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পর উত্তরসূরি পোপ লিও চতুর্দশের অনুমতি নিয়ে ডায়েরির নির্বাচিত অংশ প্রকাশ করেন কার্ডিনাল ফার্নান্দেজ।