চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চরম বিপর্যয় ঘটেছে তিনটি কলেজে। এই প্রতিষ্ঠানগুলো থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখতে পাননি। তিনটি কলেজ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৯ জন।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।
শতভাগ অকৃতকার্য বা ‘শূন্য পাসের’ তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো-চট্টগ্রাম নগরের মেরন সান কলেজ, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
ফলাফল অনুযায়ী, মেরন সান কলেজ থেকে দুজন পরীক্ষার্থী অংশ নিলেও দুজনই অকৃতকার্য হয়েছেন। সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের পাঁচজন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। এ ছাড়া কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া দুজন শিক্ষার্থীর ফলাফলও এসেছে অকৃতকার্য।
উল্লেখ্য, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্র ও ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এতে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২.০৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ০.৫০ শতাংশ কম। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩ হাজার ১৬৮ জন কম।
বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে সর্বনিম্ন পাসের হার খাগড়াছড়িতে (২৯.৮৫%)। এছাড়া রাঙামাটিতে ৩৩.২৪% ও বান্দরবানে ৪১.৪২% শিক্ষার্থী পাস করেছেন। বিপরীত দিকে চট্টগ্রাম মহানগর এলাকায় পাসের হার সবচেয়ে বেশি-৬৬.২০ শতাংশ।

