আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দীর্ঘদিনের বিরোধের কারণে বিশ্বজুড়ে পরিচিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ড। মাত্র ৩ হাজার ৮০০ মানুষের বসবাস সেখানে। এবার সেই দ্বীপপুঞ্জই ক্রিকেটে গড়েছে ইতিহাস। আইসিসির সবচেয়ে ছোট সদস্য হিসেবে নিজেদের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে ফকল্যান্ড। কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৬-২ ব্যবধানে জিতে স্মরণীয় করে রেখেছে অভিষেক আয়োজন।
সম্প্রতি ফকল্যান্ড দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হয়েছে কোস্টারিকার বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ। শুধু ক্রিকেটীয় সাফল্য নয়, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার স্বীকৃত কোনো প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও এটি দ্বীপটির প্রথম অভিজ্ঞতা। অল্প জনসংখ্যা, সীমিত যোগাযোগব্যবস্থা ও নানা প্রতিকূলতা পেরিয়ে এমন আয়োজন করাকে বড় অর্জন হিসেবে দেখছে স্থানীয় ক্রিকেট কর্তৃপক্ষ।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আইসিসিকে জানিয়েছেন, সেখানে কোনো আন্তর্জাতিক আয়োজনের প্রস্তুতি নিতে এক বছরেরও বেশি সময় প্রয়োজন হয়। তার ভাষায়, ‘কোনো আয়োজনের পরিকল্পনা করতে আমাদের এক বছরেরও বেশি সময় লাগে। শুধু ফ্লাইট নয়, খেলোয়াড়দের ছুটি, অর্থের ব্যবস্থাসহ সব বিষয়েই ভাবতে হয়।’
ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশকে দ্বীপটির স্থানীয় দলগুলোর সাথে সেখানে আসা জাহাজের নাবিকদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতো। পরে ২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। পৃষ্ঠপোষকতা ও তহবিল সংগ্রহের নানা উদ্যোগের পর ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পায় দ্বীপটি।
ক্রিকেটে নতুন ইতিহাস গড়া ফকল্যান্ড দ্বীপপুঞ্জ রাজনৈতিক বিরোধের কারণেও আন্তর্জাতিকভাবে পরিচিত। ব্রিটিশদের কাছে এটি ফকল্যান্ডস নামে পরিচিত হলেও আর্জেন্টাইনরা দ্বীপটিকে মালভিনাস বলে ডাকে। দ্বীপপুঞ্জটির সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল।
ফুটবল মাঠেও এই বিরোধের প্রভাব দেখা গেছে। ২০২২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে ঘিরেও ফকল্যান্ড ইস্যু নতুন করে আলোচনায় এসেছিল। দুই দেশের সমর্থকদের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পেছনে দ্বীপপুঞ্জটির মালিকানা বিরোধ অন্যতম কারণ।
তবে ফকল্যান্ডে ক্রিকেট আয়োজনের পথ মোটেও সহজ নয়। দ্বীপটিতে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, যা চিলির রাজধানী সান্তিয়াগো থেকে আসে। ফলে খেলোয়াড় ও কর্মকর্তাদের যাতায়াতের পরিকল্পনা করতেই বড় ধরনের প্রস্তুতি নিতে হয়।
আবহাওয়াও ক্রিকেটের জন্য সব সময় অনুকূল থাকে না। সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চ পর্যন্ত সেখানে ক্রিকেট খেলার পরিবেশ পাওয়া যায়। কোনো কোনো বছর এপ্রিল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে। এমন সীমাবদ্ধতার মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ।



