গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচির সমাপনী সমাবেশ হবে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে।
আজ সোমবার (৫ অক্টোবর) লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগে ১০ অক্টোবর কর্মসূচি পালনের সিদ্ধান্ত থাকলেও শারদীয় দুর্গাপূজার উৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারিখ পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের মাধ্যমে লংমার্চের সূচনা হবে। সকাল ৮টায় লরিবহর পদ্মাসেতু ও মাওয়া সড়ক হয়ে রওনা দেবে। যাত্রাপথে শরীয়তপুরের নাওডোবা, বাগেরহাটের কাটাখালী, খুলনার শিববাড়ী ও ফুলতলা, যশোরের চাঁচড়া এবং ঝিনাইদহে পথসভা শেষে রাত ৯টার মধ্যে কুষ্টিয়ায় পৌঁছানোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দেশে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি ঢাকায় অটোরিকশা চালকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সহিংসতা এড়ানোর আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, এনসিপির সংসদ সদস্য আব্দুল আলামিন ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

