বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান জামিন পাননি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, বিমানবন্দরের একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন গোলাম পরওয়ার। আখতারুজ্জামানকে মামলায় গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাটি জামিনযোগ্য হলেও আদালত তার জামিন মঞ্জুর করেননি। বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই এমনটি হয়েছে বলে দাবি করেন তিনি।
আখতারুজ্জামানের বয়স ৭৫ বছর উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, তিনি সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হলেও কারাগারে তাকে ডিভিশন দেওয়া হয়নি। অসুস্থ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত তার ডিভিশনের আদেশ কারাগারে পাঠানোর দাবি জানান গোলাম পরওয়ার।
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনা ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। জামায়াতে যোগ দেওয়ার কারণে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, আদালত প্রাঙ্গণে বিএনপির আইনজীবীদের সঙ্গে আখতারুজ্জামানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং হাতাহাতির ঘটনাও ঘটে। তার সাথে দেখা করতে যাওয়া স্বজনদের ওপরও হামলা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ধরনের ঘটনা অতীতের আদালতকেন্দ্রিক পরিস্থিতির পুনরাবৃত্তি বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে দিয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


