...|...|...

শিক্ষা

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৬:৩০
Shares
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের কথা থাকলেও নির্ধারিত দিনে ফল প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ হলেও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনা না পাওয়ায় অপেক্ষায় রয়েছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে ফল প্রকাশের সময়সূচি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার আগে ফল ঘোষণা করা হবে, নাকি তার ফেরার পর প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।

গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়। একইসাথে ফল প্রকাশের সময়, পদ্ধতি এবং শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন, তা ২৬ অক্টোবর আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা ছিল। তবে নির্ধারিত দিনে এ বিষয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফল প্রকাশের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে প্রধানমন্ত্রী দেশে ফেরার আগে নাকি পরে ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এখনো পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকাকালে ফল প্রকাশ করা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে দ্বিধা রয়েছে। ফল প্রকাশের সাথে প্রধানমন্ত্রীর সরাসরি সম্পৃক্ততা না থাকলেও বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন। কিন্তু সফরসূচি অনুযায়ী ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। ফলে ওই দিন সকালে ফল প্রকাশ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। রাতে ফল প্রকাশের সময়সূচি নির্ধারণ করাও বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওই কর্মকর্তা আরও জানান, ৩০ ও ৩১ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় ফল প্রকাশের সময়সূচি পরিবর্তন করা হলে পরবর্তী সম্ভাব্য দিন হতে পারে ১ নভেম্বর। বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরকে জানানো হবে। সেখান থেকে পাওয়া নির্দেশনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রী আগ্রহী নন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখন পর্যন্ত ২৯ অক্টোবরের ঘোষণা আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরই ফল প্রকাশের চূড়ান্ত সময়সূচি জানা যাবে।