...|...|...

জাতীয়

৪৫তম বিসিএসে ৩৮৩ জনের নিয়োগ, সনদ জাল হলে চাকরি বাতিল ও মামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩০
Shares
৪৫তম বিসিএসে ৩৮৩ জনের নিয়োগ, সনদ জাল হলে চাকরি বাতিল ও মামলা

ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৮৩ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কারও সনদ পরবর্তী সময়ে যাচাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তার নিয়োগ বাতিলের পাশাপাশি ফৌজদারি মামলা করা হবে।

রবিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে এসব কর্মকর্তাকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে। সেখানে তাদের আট দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা হবে। এ সময় কোনো সনদ মিথ্যা বা জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। একই সাথে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।