...|...|...

অর্থনীতি

বিজিএমইএ

২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার এখন অন্য দেশের হাতে, চাপে পোশাক খাত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ৯:২৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, রাত ৯:২৯
Shares
২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার এখন অন্য দেশের হাতে, চাপে পোশাক খাত

পোশাকশ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি। ছবি: সংগৃহীত

দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে তৈরি পোশাকশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানার নিশ্চিত করা ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপটি চালানো হয়।

জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার কারণে এসব কারখানার উৎপাদন এক থেকে ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা রফতানি পণ্যের এফওবি মূল্য অনুযায়ী হিসাব করা হয়েছে।

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রফতানি আদেশও ঝুঁকির মুখে পড়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে অর্ডার বাতিলের পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

জরিপে অংশ নেয়া কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা ইতিমধ্যে তাদের নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষতির আংশিক চিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ জরুরি এই জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

সংগঠনটি বলছে, আর্থিক ক্ষতির বাইরেও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্য দেশে বিপুল পরিমাণ অর্ডার সরে যাওয়ার ঘটনা ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত সংকট উত্তরণ জরুরি বলে মনে করছে বিজিএমইএ। শিল্পের উৎপাদন সচল রাখা এবং ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ চেয়েছে বিজিএমইএ।