...|...|...

বিশেষ প্রতিবেদন

ইডকল

২০ ঋণগ্রহীতার কাছে পাওনা ৭ হাজার কোটি টাকা

২৫ ঋণগ্রহীতার কাছে ৪৪৪ কোটি টাকা ইচ্ছাকৃত খেলাপি

এনায়েত শাওন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৮
Shares
২০ ঋণগ্রহীতার কাছে পাওনা ৭ হাজার কোটি টাকা

ছবি: এআই জেনারেটেড।

অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়নের জন্য গঠিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ঋণ কার্যক্রমে উঠে এসেছে বড় অঙ্কের ঝুঁকির চিত্র। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী বলছে, এক বছরে প্রায় ২৬৮ কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। অথচ অবলোপন করা ঋণ থেকে আদায় হয়েছে মাত্র ২ লাখ টাকা। বছর শেষে অবলোপনকৃত ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে প্রায় ৮২০ কোটি টাকা। অন্যদিকে, ২৫ ঋণগ্রহীতার ৩৮টি হিসাবকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। এসব হিসাবে বকেয়া ঋণের পরিমাণ ৪৪৪ কোটি টাকার বেশি।

শুধু খেলাপি বা অবলোপন করা ঋণই নয়, ইডকলের শীর্ষ ২০ ঋণগ্রহীতার কাছে পাওনা প্রায় ৬ হাজার ৯৪৬ কোটি টাকা। প্রতিষ্ঠানটির মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১১ হাজার ৫৫৮ কোটি টাকা ছাড়িয়েছে। এসব ঋণের বিপরীতে জামানত, আদায় পরিস্থিতি, ঋণ অনুমোদন এবং অবলোপনের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ইডকলের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও সংযুক্ত তফসিল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ইডকলের চিফ ইনভেস্টমেন্ট অফিসার সিএফও নাজমুল হক টাইমস টুডেকে বলেন, আমাদের প্রতিষ্ঠান খুব স্বচ্ছতা বজায় রেখে কাজ করে চলেছে। প্রতিষ্ঠান ভাল চলছে বিধায় প্রতিবছর একটা বড় অংকের অর্থ মুনাফা অর্জিত হচ্ছে।

আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ সালে ইডকল ২৬৭ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৮৩৩ টাকার ঋণ অবলোপন করেছে। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এ পরিমাণ ছিল ৩৭ কোটি ৮০ লাখ ৮১ হাজার ৮০ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ অবলোপনের পরিমাণ বেড়েছে সাত গুণের বেশি। অবলোপন করা ঋণ থেকে ২০২৫ সালে আদায় হয়েছে মাত্র ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। এর ফলে বছর শেষে অবলোপনকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৮১৯ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৪২৮ টাকা। ২০২৪ সালের শেষে এ স্থিতি ছিল ৫৫১ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৯৫ টাকা।

প্রতিবেদনে ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবলোপন ও আদায়ের হিসাবও দেওয়া হয়েছে। ওই ১০ বছরে মোট ৮৩৪ কোটি ৮ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকার ঋণ অবলোপন করা হয়েছে। বিপরীতে আদায় হয়েছে ১৪ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৯২১ টাকা।

অবলোপন মানেই ঋণ মওকুফ নয়। ঋণগ্রহীতার কাছ থেকে অর্থ আদায়ের আইনগত সুযোগ থাকতে পারে। কিন্তু বিপুল অঙ্কের ঋণ অবলোপনের পর আদায়ের পরিমাণ এত কম কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদনে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২৫ জন ঋণগ্রহীতার ৩৮টি হিসাবকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। এসব হিসাবে মোট ঋণস্থিতি ৪৪৪ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৪৮ টাকা। এর মধ্যে একটি অফ-ব্যালান্সশিট হিসাবও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ইডকলে উইলফুল ডিফল্টার আইডেন্টিফিকেশন ইউনিট গঠন করা হয়েছে। ওই ইউনিট ঋণগ্রহীতাদের প্রাথমিকভাবে শনাক্ত ও যাচাই করে। পরে সিইও ও পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত তালিকা করা হয়।

শীর্ষ ২০ ঋণগ্রহীতার কাছে প্রায় ৭ হাজার কোটি টাকা

ইডকলের বড় ঋণগ্রহীতাদের তালিকায় রয়েছে বিদ্যুৎ, জ্বালানি, শিল্প, আবাসন ও শিক্ষা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের স্থিতি অনুযায়ী, শীর্ষ ২০ ঋণ হিসাবের মোট পরিমাণ ৬ হাজার ৯৪৬ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৭৪৪ টাকা। আগের বছর এ পরিমাণ ছিল ৭ হাজার ২৫ কোটি ৮১ লাখ ৪ হাজার ৩০১ টাকা।

শীর্ষ ঋণগ্রহীতাদের মধ্যে রয়েছে এনার্গন রিনিউয়েবলসের ৮০৩ কোটি ৪৫ লাখ টাকা, বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জির একটি হিসাবে ৬৪৮ কোটি ৯৮ লাখ টাকা এবং বিএসআরএম স্টিলসের ৫৭৬ কোটি ৮০ লাখ টাকা। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানির পাবনা প্রকল্পের নামে পৃথক হিসাবে রয়েছে আরও প্রায় ৪১০ কোটি ৪৬ লাখ টাকা।

এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৩৯৩ কোটি ৪০ লাখ, আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজের ৩৫২ কোটি ৫৭ লাখ, করিম টেক্সের ৩৩৪ কোটি ২৬ লাখ, ইন্ট্রাকো সোলার পাওয়ারের ৩২৫ কোটি ৮৯ লাখ, কুশিয়ারা পাওয়ার কোম্পানির ৩২৪ কোটি ১৮ লাখ এবং ডরিন হোটেলস এন্ড রিসোর্টের ৩১৮ কোটি ২৯ লাখ টাকা ঋণস্থিতি রয়েছে।

তালিকায় আরও রয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলসের ২৯৫ কোটি ৮৮ লাখ, কনফিডেন্স পাওয়ার বগুড়ার ২৯৪ কোটি ২৫ লাখ, কনফিডেন্স পাওয়ার রংপুরের ২৮৬ কোটি ৬৩ লাখ, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের ২৬২ কোটি ৯৮ লাখ, আবুল খায়ের স্টিল মেল্টিংয়ের ২৪০ কোটি ৩৫ লাখ, ক্রাউন সিমেন্ট ২৩৬ কোটি ৯৭ লাখ, বেঙ্গল হোটেলস এন্ড রিসোর্টের ২৩৬ কোটি ৯১ লাখ, ফেনি লঙ্কা পাওয়ারের ২০২ কোটি ১৫ লাখ, কালিগঞ্জ এগ্রো প্রসেসিংয়ের ২০১ কোটি ১৩ লাখ এবং ইপিভি ঠাকুরগাঁওয়ের প্রায় ২০০ কোটি ৬৮ লাখ টাকা।

অডিট প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের বছরের শীর্ষ ২০ তালিকায় থাকা কয়েকটি প্রতিষ্ঠান ২০২৫ সালে তালিকা থেকে বাদ পড়েছে। তবে তাদের ঋণস্থিতি পুরোপুরি শূন্য হয়নি। যেমন, রিজেন্ট এনার্জি এন্ড পাওয়ারের কাছে পাওনা ছিল প্রায় ১৭৪ কোটি ১১ লাখ টাকা, সেনা কল্যাণের কাছে ১৫৭কোটি ও মেঘনা সিমেন্ট মিলস লিমিটের কাছে ১৭৮ কোটি ৪৫ লাখ টাকা।

প্রতিবেদনের তথ্যমতে ২০২৫ সালের শেষে ইডকলের ১ হাজার ৬০৯ কোটি ৯৪ লাখ টাকার ঋণ সম্পূর্ণ জামানতযুক্ত হিসেবে দেখানো হয়েছে। আর ৯ হাজার ৯৪৮ কোটি ৪৭ লাখ টাকার ঋণ আংশিক জামানতযুক্ত। অর্থাৎ ঋণের বড় অংশের বিপরীতে পূর্ণ জামানত নেই।

বেঙ্গল হোটেলসের জন্য অতিরিক্ত ৭০ কোটি টাকার প্রভিশন

প্রতিবেদন থেকে জানা গেছে, বেঙ্গল হোটেলস এন্ড রিসোর্টের ভবিষ্যৎ খেলাপি ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত ৭০ কোটি টাকা প্রভিশন রেখেছে ইডকল। বাংলাদেশ ব্যাংকের ২৩ জুলাই ২০২৬ তারিখের একটি চিঠির সুপারিশের ভিত্তিতে এ অর্থ সংরক্ষণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

প্রতিষ্ঠানটির নামে ২০২৫ সালের শেষে ইডকলের বড় ঋণ হিসাবের তালিকায় প্রায় ২৩৬ কোটি ৯১ লাখ টাকা ঋণস্থিতি দেখা যায়। এর বিপরীতে অতিরিক্ত ৭০ কোটি টাকার প্রভিশন রাখা হয়েছে। এ ছাড়া ইডকল বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদি বিনিয়োগের বিপরীতে ১৬৪ কোটি ১৬ লাখ টাকার বেশি প্রভিশন ধরে রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে এসব আর্থিক প্রতিষ্ঠানের তারল্যসংকট বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের সুপারিশ অনুযায়ী এ প্রভিশন রাখা হচ্ছে।

অডিট প্রতিবেদনে শ্রেণিকৃত ঋণ নিয়ে আরেকটি ব্যাখ্যা দাবি করে এমন তথ্য রয়েছে। ঋণ ও অগ্রিমের একটি নোটে শ্রেণিকৃত ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৩৮৫ কোটি টাকা পাওয়া যায়। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থার জন্য সংযুক্ত বিবরণীতে সুদ আরোপ করা হয়নি- এমন শ্রেণিকৃত ঋণ, অগ্রিম ও লিজের পরিমাণ দেখানো হয়েছে ২ হাজার ৭৭৩ কোটি ৭০ লাখ টাকা। একই বিবরণীতে এসব ঋণের বিপরীতে ৮৩৬ কোটি ২৩ লাখ টাকার প্রভিশন এবং ১১৭ কোটি ১৩ লাখ টাকা সুদ সাসপেন্স হিসাবে দেখানো হয়েছে।

ঋণ কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট হিসাবও রয়েছে

অডিট প্রতিবেদনে ইডকলের শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ঋণের তথ্যও দেওয়া হয়েছে। ২০২৫ সালে জ্যেষ্ঠ ম্যানেজমেন্ট কর্মকর্তাদের ঋণ হিসাবে নতুন করে ১ কোটি ৪৫ লাখ টাকা যুক্ত হয়েছে। বছর শেষে এ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার টাকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব ঋণ কর্মীদের গাড়ি ও গৃহঋণ সুবিধার আওতায় দেওয়া হয়েছে। এ ঋণগুলোর মধ্যে চিফ ইনভেস্টমেন্ট অফিসার, হেড অব রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট এবং কোম্পানি সেক্রেটারির কাছে পাওনা রয়েছে। এ ছাড়া পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানের কাছে ঋণ বা অগ্রিমের পরিমাণ ৭ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার টাকা দেখানো হয়েছে।

ইডকলের মোট ঋণ ও অগ্রিম ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৮ কোটি ৪১ লাখ টাকা। এর বিপরীতে ঋণের ক্ষতি মোকাবিলায় প্রভিশন রাখা হয়েছে ১ হাজার ১০৭ কোটি ৬৯ লাখ টাকা। বছরটিতে ঋণের জন্য মোট প্রভিশন চার্জ হয়েছে ২২০ কোটি ২২ লাখ টাকা। একই সময়ে ঋণ অবলোপন ও সমন্বয়ের বিপরীতে প্রভিশন থেকে ২৬২ কোটি ৬৫ লাখ টাকা সমন্বয় করা হয়েছে।

জানতে চাইলে ডেপুটি সিইও ও সিএফও এস এম মনিরুল ইসলাম টাইমস টুডেকে বলেন, জামানত ছাড়া কোনো ঋণ দেওয়া হয় না, কিছু ঋণ জামানত ছাড়া দেওয়া হয়েছে যা প্রমোশনাল হিসেবে। আর জামানত কিভাবে সংজ্ঞায়িত করছে তার ওপরও অনেক কিছু নির্ভর করে। ঝুঁকি তো কিছু থাকেও কিন্তু সেজন্য প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে এরকম পরিস্থিতিতে নেই ইডকল। প্রত্যেক প্রতিষ্ঠানের কিছু নন পার্ফর্মিং লোন থাকে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চিহ্নিত করা হয় এজন্য সেসব ঋণগ্রহীতাদের পর্যবেক্ষনের আওতায় আনা হয়। ২০২৫ সালে এই হার ১১.৯শতাংশ থাকলেও বর্তমানে (অক্টোবর) এই হার মাত্র ৭শতাংশ যা সার্বিক বিবেচনায় খুব বেশি না।

প্রতিষ্ঠানটি সরকারের কোম্পানিগুলোর মধ্যে অন্যতম লাভজনক দাবি করে মনিরুল বলেন, প্রতিষ্ঠান নিয়মকানুন মেনে স্বচ্ছতার সাথে চলছে বলেই প্রতিষ্ঠার পর থেকে নিজের আয়ে চলছে। সরকারের বাজেট সহায়তার প্রয়োজন হয় না। সার্বিক বিবেচনায় ইডকল অবশ্যই সফল উদ্যোগ।