লাইসেন্সের জন্য জমা পড়া ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় নিয়মে নয়, খরচে। সব কাগজপত্র ঠিক থাকলেও নির্ধারিত সরকারি ফির বাইরে বাড়তি টাকা না দিলে ফাইল নড়ে না। মাসের পর মাস তা একই টেবিলে আটকে থাকে।
রাজধানীর একাধিক রেস্টুরেন্ট ব্যবসায়ী টাইমস টুডেকে জানান, বিভিন্ন দফতরের টেবিল পার হতে তাদের দুই বছর পর্যন্ত সময় লেগেছে। আর প্রতিটি স্তরে বাড়তি গুনতে হয়েছে ৩০ হাজার থেকে ২ লাখ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগীরা বলেন, বাড়তি অর্থ না দিলে ফাইল এগোয় না। এই টাকার কোনো হিসাব নেই, নেই কোনো রসিদ।
ব্যবসায়ীদের অভিযোগ, দফতরগুলোতে সক্রিয় আছে দালাল ও মধ্যস্বত্বভোগীদের একটি শক্তিশালী চক্র। ফাইল আটকে গেলে তারাই সমাধান নিয়ে হাজির হন। ভুক্তভোগীদের ভাষ্য, দালাল ধরলে ফাইল চলে, না ধরলে বছরের পর বছর পড়ে থাকে। ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ লাইসেন্সের ভোগান্তির পাশাপাশি ব্যবসায়ীদের বড় অভিযোগ ভ্যাট নিয়ে।
রাজধানী ঢাকার সবুজ ছায়া নামের এক রেস্টুরেন্ট ব্যবসায়ী টাইমস টুডেকে বলেন, সরকার নির্ধারিত ভ্যাটের বাইরেও প্রতি মাসে আলাদা করে টাকা দিতে হয়। এই অঘোষিত লেনদেন বন্ধ না হলে ব্যবসা গুটিয়ে নেওয়া ছাড়া পথ থাকবে না।
ব্যবসায়ীদের একাংশের দাবি, ভ্যাটের নামে একটি চক্র প্রতি মাসেই নিয়ম করে টাকা নিতে আসে।
কারা নেন এই টাকা, মাসে কত টাকা নেন? এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেউই স্বীকার করতে চাননি।
কতজনের আছে পূর্ণাঙ্গ লাইসেন্স
সরকারি হিসাবে দেশে রেস্টুরেন্টের সংখ্যা প্রায় ৫ লাখ। রেস্তোরাঁ মালিক সমিতির হিসাবে রাজধানীতে ছোট-বড় রেস্তোরাঁ আছে প্রায় ৩৫ হাজার। তবে জেলা প্রশাসনের তথ্য বলছে, এ সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যাবে। কিন্তু এই বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে কতগুলোর পূর্ণাঙ্গ আইনি বৈধতা আছে, সেই তথ্য কারও কাছে নেই। জেলা প্রশাসনের তথ্য বলছে, সাতটি বৈধ কাগজ থাকলেই রেস্টুরেন্ট পরিচালনা করা যায়।
অন্যদিকে রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, ১০ থেকে ১২টি কাগজ ছাড়া ব্যবসা চালানো অসম্ভব। সরকারি দুই সংস্থার তথ্যের এই ফারাকের কারণে উদ্যোক্তারা নিজেরাই বিভ্রান্ত-ঠিক কোন কাগজগুলো থাকলে তারা ‘বৈধ’ হিসেবে গণ্য হবেন।
বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী, প্রাথমিক নিবন্ধন নেওয়ার এক বছরের মধ্যে সব দফতরের ছাড়পত্রসহ চূড়ান্ত লাইসেন্সের আবেদন করতে না পারলে নিবন্ধন বাতিল হয়ে যায়। আবার চূড়ান্ত লাইসেন্স ছাড়া খাবার বিক্রি আইনত দণ্ডনীয়। ফলে দফতরের জটিলতায় ছাড়পত্র পেতে দেরি হলে উদ্যোক্তারা দ্বিমুখী চাপে পড়েন।
ব্যবসায়ীদের অভিযোগ, এই আইনি মারপ্যাঁচের সুযোগ নিয়েই টেবিলে টেবিলে বাড়তি টাকার দাবি আরও জোরালো হয়। এর সাথে যুক্ত হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নীতিগত অস্পষ্টতা।
এক হোটেল ব্যবসায়ী জানান, ঠিক কোন শ্রেণির ভবনে রেস্তোরাঁ পরিচালনা করা বৈধ, সে বিষয়ে রাজউকের কোনো সুস্পষ্ট ও সহজবোধ্য নির্দেশনা নেই। ফলে অনেকে কাগজ জোগাড়ের মাঝপথেই হাল ছেড়ে দেন। কেউ কেউ কেবল ট্রেড লাইসেন্স নিয়েই বছরের পর বছর ব্যবসা চালিয়ে যান।
এ বিষয়ে রাজউকের বক্তব্য জানতে চাইলে সংশ্লিষ্টরা মুখ খুলতে নারাজ।
ভুক্তভোগী ব্যবসায়ীদের কেউই নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি। তাদের আশঙ্কা, প্রকাশ্যে অনিয়মের অভিযোগ করলে ভবিষ্যতে পরিদর্শন ও লাইসেন্স নবায়নের সময় হয়রানি আরও বাড়বে।


