ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও নিয়ন্ত্রক সংস্থা তিন পক্ষই একমত যে, বর্তমান লাইসেন্সিং ব্যবস্থা উদ্যোক্তাদের জন্য মোটেও সহজ নয়। তেরো দফতরের বদলে সবার দাবি একটিই। এক জায়গা থেকে সব সেবা পাওয়ার ব্যবস্থা বা ওয়ান স্টপ সার্ভিস। তবে এই দাবি নতুন নয়। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান টাইমস টুডেকে বলেন, এ নিয়ে তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি।
সংকট নিরসনে ব্যবসায়ীদের মূল দাবি চারটি-
একক ডিজিটাল প্ল্যাটফর্ম: সব অনুমোদনের আবেদন, ফি জমা এবং ফাইলের অবস্থান জানার (ট্র্যাকিং) ব্যবস্থা এক জায়গা থেকে অনলাইনে সম্পন্ন করা।
নির্দিষ্ট সময়সীমা ও জবাবদিহি: প্রতিটি দফতরের ছাড়পত্র দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া এবং তা না মানলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা।
রাজউকের স্পষ্ট নির্দেশনা: কোন শ্রেণির ভবনে রেস্টুরেন্ট চালানো যাবে, সে বিষয়ে রাজউকের পক্ষ থেকে সহজবোধ্য নীতিমালা প্রকাশ।
স্বচ্ছ লেনদেন: ভ্যাটসহ সব সরকারি ফি নির্ধারিত কোডে জমা নেওয়া এবং নগদ বা ‘সৌজন্য’ লেনদেনের সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা।
বিশেষজ্ঞরা বলছেন, একাধিক দফতরে একই তথ্য বারবার জমা দেওয়ার কোনো যুক্তি নেই। সব সংস্থাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করলে উদ্যোক্তাদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরের মতে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত না করলে ভোগান্তি ও অনিয়মের সুযোগ থেকেই যাবে।
নিয়ন্ত্রক সংস্থার বক্তব্যনিয়ন্ত্রক সংস্থাগুলোর দাবি, জনস্বাস্থ্য, অগ্নিনিরাপত্তা ও পরিবেশ রক্ষায় এসব ছাড়পত্র অপরিহার্য। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস টুডেকে বলেন, খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিশ্চিত করা তাদের আইনি দায়িত্ব। তবে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করা গেলে উদ্যোক্তাদের অপ্রয়োজনীয় ভোগান্তি অনেকাংশে কমে আসবে। অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থাও স্বীকার করছে, মূল সমস্যা ছাড়পত্রে নয়, বরং সমন্বয়হীনতায়।
রাজধানীতে ৩৫ থেকে ৪০ হাজার রেস্টুরেন্টের মধ্যে কতগুলো পূর্ণাঙ্গ বৈধ, সেই উত্তর সরকারের কাছেও নেই। উদ্যোক্তারা বলছেন, যে ব্যবস্থায় বৈধ হওয়ার পথ এত দীর্ঘ ও ব্যয়বহুল, সেখানে অবৈধ থেকে যাওয়াই সহজ। তেরো দফতরের এই গোলকধাঁধা না ভাঙলে খাদ্য নিরাপত্তা, সরকারের রাজস্ব আদায় এবং ব্যবসার পরিবেশ-তিন ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি থেকে যাবে।
রাজধানী ঢাকায় আসলে কত রেস্টুরেন্ট চলছে- ৩৫ হাজার, নাকি ৪০ হাজার? এর সঠিক হিসাব নেই সরকারের কোনো দফতরেই। এমনকি এসব রেস্টুরেন্টের কতগুলোর সব ধরনের বৈধ অনুমোদন রয়েছে, তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
রেস্টুরেন্ট মালিকদের অভিযোগ, বৈধভাবে ব্যবসা করতে গেলে একের পর এক দফতরে ঘুরতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ে, পোহাতে হয় নানা ভোগান্তি। ফলে অনেকেই নিয়ম না মেনেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট ১৩টি দফতরের অনুমোদনপ্রক্রিয়া সহজ করা না হলে জনস্বাস্থ্য ও অগ্নিনিরাপত্তার ঝুঁকি থেকেই যাবে। পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হবে সরকার।

