...|...|...

জাতীয়

২০২৭ সালের হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:০১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:০২
Shares
২০২৭ সালের হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সাথে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চুক্তি শেষে ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বাড়িয়েছেন। ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

দ্বিপক্ষীয় বৈঠকে হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। তবে এ সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের জন্য অতিরিক্ত কোটা পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

ধর্মমন্ত্রী জানান, অন্য কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছেন সৌদি মন্ত্রী।

এ সময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর বক্তব্য তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করে রাজকীয় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী।

হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) কামরুল ইসলামসহ বাংলাদেশ ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।