...|...|...

বিশ্ব

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:১৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৭
Shares
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থানসংক্রান্ত ইএসডিপি-এমওসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, প্রায় এক বছরের প্রচেষ্টার পর রবিবার (১৭ অক্টোবর) দুই দেশের মধ্যে কর্মসংস্থানসংক্রান্ত নতুন এ চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় পুলিশ সংস্থার প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।

বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে।

চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে চুক্তিটির মোট মেয়াদ হবে ১০ বছর।

চুক্তি অনুযায়ী, জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীরা দেশটির স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে, গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এসব কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও চুক্তিতে রাখা হয়নি।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ার সঙ্গে দক্ষ মানবসম্পদ উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।