...|...|...

বিশ্ব

১৯৯৩ সালে প্রয়াত ‘চিন্ময়ানন্দের’ এআই মূর্তির কাছে আশীর্বাদ নিলেন মোদি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৭
Shares
১৯৯৩ সালে প্রয়াত ‘চিন্ময়ানন্দের’ এআই মূর্তির কাছে আশীর্বাদ নিলেন মোদি

ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে আয়োজিত চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এক অভিনব দৃশ্যের অবতারণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯৩ সালে মারা যাওয়া বিশিষ্ট আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দের একটি হলোগ্রাফিক বা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর থ্রি-ডি অ্যাভাটারের মুখোমুখি হয়ে তিনি তার আশীর্বাদ কামনা করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) আয়োজিত এই সম্মেলনে প্রযুক্তির সহায়তায় ফুটিয়ে তোলা সেই হলোগ্রাফিক মূর্তির সাথে কথোপকথনে অংশ নেন মোদি। এ সময় তিনি তিন দশক আগের সেই স্মৃতিচারণ করেন, যখন তিনি সশরীরে ওই আধ্যাত্মিক নেতার দেখা পেয়েছিলেন।

হলোগ্রাফিক অ্যাভাটারটির সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, যা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আজ আমি যে কাজগুলো করতে ব্রতী হয়েছি, সেগুলোর সফল রূপায়ণের জন্য আপনার আশীর্বাদ প্রার্থনা করছি।

এ সময় কৃত্রিম প্রযুক্তিতে তৈরি ওই অ্যাভাটারটি মোদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। মূর্তির ভাষ্য অনুযায়ী, ভারত আপনার পাশেই রয়েছে, নরেন্দ্র।

সম্মেলনে দেওয়া বক্তব্যে নরেন্দ্র মোদি এই আয়োজনকে সম্পূর্ণ এক নতুন ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন এবং সাধু-সন্তদের আশীর্বাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এটি এক ব্যতিক্রমী আধ্যাত্মিক অনুভূতি। এটি আমার জন্য সাধুদের আশীর্বাদের মতো। চিন্ময় মিশন কেবল একটি প্রাতিষ্ঠানিক নাম নয়; এটি মূলত ‘চিন্ময় বিচার’-এর মূল চেতনা বহন করে।

প্রযুক্তির সুফল তুলে ধরে মোদি আরও বলেন, এখানে প্রযুক্তির দারুণ ব্যবহার এই পুরো অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলেছে। হলোগ্রামের কল্যাণে চিন্ময়জির দিব্য উপস্থিতি দেখে আমার মনে হয়েছে, আমি যেন ঠিক ৩৩ বছর আগের অতীতে ফিরে গেছি।