...|...|...

অর্থনীতি

১৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ৯:৩০ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, রাত ১০:৫৬
Shares
১৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার

ছবি: টাইমস টুডে

মেয়াদপূর্তির আগেই ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার ট্রেজারি বন্ড কিনে নিয়েছে সরকার। সরকারি ঋণের মেয়াদ কাঠামো ভারসাম্যপূর্ণ করা এবং বাজারে থাকা সরকারি বন্ডের সংখ্যা কমানোর লক্ষ্যে প্রথমবারের মতো ‘বাইব্যাক নিলাম’-এর মাধ্যমে এসব বন্ড কেনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আয়োজিত নিলামে দুই বছর মেয়াদি এসব ট্রেজারি বন্ড কেনা হয়। বন্ডগুলো ২০২৪ সালের ৪ নভেম্বর ইস্যু করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিলামে মোট ৫৬টি বিডের বিপরীতে ২ হাজার ১৬ কোটি ১৪ লাখ টাকার বিড জমা পড়ে। এর মধ্যে নিলাম কমিটির নির্ধারিত দরের সাথে সামঞ্জস্যপূর্ণ ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার বিড গ্রহণ করা হয়।

সরকার আগে বিক্রি করা কোনো বন্ড মেয়াদ শেষ হওয়ার আগেই বিনিয়োগকারীদের কাছ থেকে কিনে নেওয়ার প্রক্রিয়াকে ‘বাইব্যাক’ বলা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে এ ধরনের বাইব্যাক নিলামের আয়োজন এবারই প্রথম। এর মাধ্যমে সরকারের ঋণ ব্যবস্থাপনায় একটি নতুন ও বাজারভিত্তিক পদ্ধতি যুক্ত হলো।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই উদ্যোগের ফলে সরকারের ঋণের মেয়াদ কাঠামো আরও সুষম হবে। একইসাথে ভবিষ্যতে অর্থায়ন ব্যবস্থাপনায় সরকারের নমনীয়তা বাড়বে এবং ঋণের ব্যয় ও ঝুঁকি আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ প্রক্রিয়া সরকারের দায় ব্যবস্থাপনা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও শক্তিশালী করতে সহায়ক হবে।

ভবিষ্যতে বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারের ঋণের কাঠামো বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী আবারও বাইব্যাক নিলামের আয়োজন করা হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সাধারণত ট্রেজারি বন্ডের মেয়াদ শেষ হওয়ার পর সরকার তা পরিশোধ করে। তবে এবার মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস আগেই বন্ডগুলো কিনে নেওয়া হয়েছে।

এর ফলে বন্ডের বাকি মেয়াদের জন্য সরকারকে সুদ পরিশোধ করতে হবে না। এতে সরকারের সুদ ব্যয়ের কিছুটা সাশ্রয় হবে বলেও জানান ওই কর্মকর্তা।