...|...|...

জাতীয়

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘ধাপ্পাবাজি’ বললেন শফিকুল আলম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৪
Shares
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘ধাপ্পাবাজি’ বললেন শফিকুল আলম

শফিকুল আলম। ছবি: সংগৃহীত

বিজয় দিবসে দেশে ফিরতে দিল্লি থেকে ঢাকায় আসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টিকে ‘হাস্যকর’ ও ‘উন্মাদনা’ বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শেখ হাসিনার দেশে ফেরার আহ্বান নিয়ে প্রতিক্রিয়া জানান শফিকুল আলম। একই দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শফিকুল আলমের মতে, ১৬ ডিসেম্বর দেশে ফেরার জন্য বিমান পাঠানোর আহ্বান জানানোর মধ্য দিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের সময় নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে। তবে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকায় বাংলাদেশ আবারও ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানাবে বলে মনে করেন তিনি।

শফিকুল আলম তার বক্তব্যে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রীরাধা দত্তের মতামতও তুলে ধরেন। তার ধারণা, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না।

বিজয় দিবসকে দেশে ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে বেছে নেওয়ার বিষয়টিও সমালোচনা করেছেন শফিকুল আলম। তিনি মনে করেন, বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না। এ কারণেই তার এমন আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ হিসেবে দেখছেন তিনি।

তবে শেখ হাসিনার ঘোষণার একটি ইতিবাচক দিকও দেখছেন সাবেক এই প্রেস সচিব। তার মতে, ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলো আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। রাজনৈতিক দলগুলোও ওই দিন রাজপথে কর্মসূচি ও জনসমাগমের পরিকল্পনা করতে পারবে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য তৎপরতা নিয়ে শফিকুল আলম বলেন, পুরো ডিসেম্বরজুড়ে আন্দোলন অব্যাহত রাখা দলটির জন্য কঠিন হতে পারে। তবে ১৫ ও ১৬ ডিসেম্বর বিক্ষোভ কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে ‘নজিরবিহীন’, ‘হাস্যকর’ ও ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার ভাষ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি দেশে ফেরার জন্য সরকারের কাছে উড়োজাহাজ চাইছেন, যা অত্যন্ত হাস্যকর।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তাকে দেশে ফেরাতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। তবে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।