...|...|...

খেলা

১৬ টেস্টে ১৪ হার, দক্ষিণ আফ্রিকায় নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:২২
Shares
১৬ টেস্টে ১৪ হার, দক্ষিণ আফ্রিকায় নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো কোনো টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। অতীতে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো দলকে তাদের মাটিতে হারিয়ে সাদা পোশাকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে টাইগাররা। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়ের অপেক্ষা এখনো কাটেনি। সেই অপ্রাপ্তি ঘোচানোর সুযোগ এবার সামনে। কিন্তু প্রোটিয়াদের মাটিতে কাজটি যে সহজ হবে না, তা বলছে অতীতের পরিসংখ্যান।

রবিবার (১৪ নভেম্বর) জোহানেসবার্গে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। সিরিজের আগে ব্যাটসম্যানদের প্রস্তুতি ও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন দলের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন। সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার দলের সাথে যোগ দিয়ে কাজও শুরু করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি ১৪টিতেই হারতে হয়েছে। ড্র হওয়া ম্যাচ দুটিও বৃষ্টির কারণে নিষ্পত্তি হয়নি। সবচেয়ে হতাশার বিষয়, ১৪টি হারের মধ্যে ৯টিই ইনিংস ব্যবধানে।

প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশের রেকর্ড আরও বিবর্ণ। সেখানে আটটি টেস্ট খেলে একটিতেও জয়ের দেখা পায়নি দল। সব ম্যাচেই হারতে হয়েছে, যার পাঁচটিই ছিল ইনিংস ব্যবধানে। তাই এবার নিজেদের ভাগ্য বদলাতে হলে কঠিন চ্যালেঞ্জই নিতে হবে নাজমুল হোসেনের দলকে।

বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। দক্ষিণ আফ্রিকার মাটিতে অন্তত পাঁচ ইনিংস ব্যাট করেছেন, এমন বাংলাদেশি ব্যাটসম্যানদের কারও গড় ২৫-এর বেশি নয়। এই তালিকায় সর্বোচ্চ ২৪.২৭ গড় লিটন দাসের। দক্ষিণ আফ্রিকা সফরে মাহমুদুল হাসান ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেননি।

এবারের সিরিজের দুই ভেন্যু জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের উইকেটও ব্যাটসম্যানদের জন্য বড় পরীক্ষা হতে পারে। এই দুই মাঠে সাম্প্রতিক সময়ে পেসারদের আধিপত্যই বেশি। সর্বশেষ সাত ম্যাচে দুই ভেন্যুতে ৯০ শতাংশ উইকেট নিয়েছেন পেসাররা। ফলে গতি ও বাউন্স সামলানোই বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের জন্য নিয়োগ দিয়েছে একজন ব্যাটিং স্পেশালিস্ট। সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন দলের সাথে কাজ শুরু করেছেন। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, ব্যাটিংয়ের ক্ষেত্রে মূল বিষয়টা হবে ভিন্ন বাউন্সের সাথে মানিয়ে নিতে পারা। দক্ষিণ আফ্রিকার যে ধরনের দক্ষতা, তাতে তারা অবশ্যই পেস ও বাউন্স দিয়ে চ্যালেঞ্জ জানাবে। তবে যেমনটা বলেছি, গত কয়েক মাসে স্টার্ক ও হ্যাজলউডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসও অনেকটা বেশি থাকবে।’

প্রস্তুতির জন্য খুব বেশি সময়ও পাচ্ছে না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার পরদিনই বেশির ভাগ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়েন। সেখানে মাত্র দুই-তিন দিনের অনুশীলনের পরই মাঠে নামতে হচ্ছে তাদের।

কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বেনকেনস্টেইন আরও বলেন, ‘আমার মনে হয়, আসল পরীক্ষা হবে আমরা এখানকার কন্ডিশনের সাথে কীভাবে মানিয়ে নেয় এবং কত দ্রুত তা করতে পারে সেটি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতীতের ব্যর্থতা পেছনে ফেলে এবার নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। তবে প্রোটিয়াদের পেস ও বাউন্স সামলে ব্যাটসম্যানরা কতটা লড়াই করতে পারেন, সেটিই হবে সিরিজে নাজমুল হোসেনের দলের জন্য বড় পরীক্ষা।