...|...|...

খেলা

১৫ বছর বয়সেই ভারত দলে জায়গা পেলেন সূর্যবংশী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২৬, সকাল ১১:৪৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, সকাল ৭:৫৪
Shares
১৫ বছর বয়সেই ভারত দলে জায়গা পেলেন সূর্যবংশী

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। গত মার্চে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব কেবল নেতৃত্বই হারাননি, বাদ পড়েছেন দল থেকেও। তার জায়গায় ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। ২০২৩ সালের পর এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি, আর ফিরেই পেলেন অধিনায়কের গুরুভার।

তবে চমকের এখানেই শেষ নয়; আসন্ন আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর এবং জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্য ঘোষিত এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেলেন এই তরুণ ব্যাটার। সদ্য সমাপ্ত আইপিএলে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। আয়ারল্যান্ড বা ইংল্যান্ড সফরে মূল একাদশে সুযোগ পেলে নতুন ইতিহাস গড়বেন বৈভব। ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার কীর্তি গড়ে তিনি ছাড়িয়ে যাবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। উল্লেখ্য, শচীন টেন্ডুলকারের টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল যথাক্রমে ১৬ বছর ২০৫ দিন ও ১৬ বছর ২৩৮ দিন বয়সে।

আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি পূর্ণাঙ্গ টি–টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

এই সফরগুলোর জন্য ঘোষিত দলে সুযোগ পেয়েছেন নীতীশ কুমার, রবি বিষ্ণোই ও প্রিন্স যাদব। তবে বিশ্বকাপজয়ী দল থেকে বাদ পড়েছেন ফিনিশার রিঙ্কু সিং ও স্পিনার কুলদীপ যাদব। টানা খেলার ধকল সামলাতে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার যশপ্রীত বুমরাকে। তবে এশিয়ান গেমসের স্কোয়াডে বুমরাকে রাখা হয়েছে।

গত মার্চে সূর্যকুমারের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রেখেছিল ভারত। বিশ্বকাপজয়ী অধিনায়ক হঠাৎ কেন বাদ, এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড মূলত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই দীর্ঘমেয়াদি দল সাজাচ্ছে। পরবর্তী বিশ্বকাপের সময় ৩৫ বছর বয়সী সূর্যকুমারের বয়স হবে ৩৮। এছাড়া সাম্প্রতিক ফর্মও তার পক্ষে কথা বলছে না। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে ২৪২ রান করার পর, ২০২৬ আইপিএলেও ১৩ ইনিংসে ২০.৭৬ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ২৭০ রান।

অন্যদিকে, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন শ্রেয়াস আইয়ার। তার জাদুকরী নেতৃত্বেই ২০২৪ সালে আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস এবং ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন তিনি।

অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ছন্দে রয়েছেন আইয়ার। আইপিএল ২০২৫–এ ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান এবং সদ্য সমাপ্ত ২০২৬ আইপিএলে ১৬৮.৮১ স্ট্রাইক রেটে ৪৯৮ রান এসেছে তার ব্যাট থেকে। ধারাবাহিক এই পারফরম্যান্সই তাকে আবারও জাতীয় দলের নেতৃত্বে ফিরিয়ে এনেছে।