...|...|...

খেলা

শচীনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:২৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, সকাল ৮:১৩
Shares
শচীনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

অবশেষে অপেক্ষার প্রহর ফুরাল বৈভব সূর্যবংশীর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন বাঁহাতি এই তরুণ ওপেনার। আর এই অভিষেকের মধ্য দিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার অনন্য রেকর্ড গড়লেন তিনি।

শনিবার সন্ধ্যায় ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তবে ম্যাচের আগেই টিম হাডলে ১৫ বছর ৯৯ দিন বয়সী সূর্যবংশীর মাথায় তুলে দেওয়া হয় ভারতের জাতীয় দলের ক্যাপ।

এই অভিষেকের সুবাদে তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩৭ বছর পুরোনো এক রেকর্ড। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল শচীনের। এতদিন সেটিই ছিল ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড।

মাত্র ১৫ বছর বয়সেই ভারতের জার্সি গায়ে জড়ানো সূর্যবংশী এখন সব মিলিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। এই তালিকায় সবার ওপরে আছেন পাকিস্তানের হাসান রাজা। ১৯৯৬ সালে মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল তার।