আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল ভারত। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। এছাড়া শারীরিক সমস্যার কারণে অনিশ্চয়তা রয়েছে সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও।
বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানে কঠোর অনুশীলনও চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে পায়ের পেশিতে চোট পাওয়ায় আফগানিস্তান সিরিজে তার আর খেলা হচ্ছে না। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পান্ডিয়ার কোয়াড্রিসেপসে টান পড়েছে। আগামী ১১ জুন ধর্মশালায় দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা ছিল। তবে চোটের কারণে তাঁকে আরও অন্তত দুই সপ্তাহ বেঙ্গালুরুতেই থাকতে হবে।
বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'একেবারে শেষদিকে এসে সে চোট পেয়েছে। কোয়াড্রিসেপসে টান ধরায় পা শক্ত হয়ে রয়েছে। এটি দীর্ঘমেয়াদি চোট না হলেও চিকিৎসকরা তাকে পায়ে কোনো রকম চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। হার্দিক বেঙ্গালুরুতেই থাকছে এবং ফিজিও ও ট্রেনারদের অধীনে অনুশীলন করে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করবে।'
পান্ডিয়ার এই চোট ভারতের টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। এর আগে আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান বিরাট কোহলি। চোট গুরুতর হওয়ায় তাকেও আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে। অন্যদিকে, রোহিত শর্মার ফিটনেস নিয়েও রয়েছে ঘোর অনিশ্চয়তা। আইপিএল চলাকালীন সময় থেকেই তিনি শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী শনিবার ধর্মশালায় শুরু হবে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ জুন লক্ষ্ণৌতে এবং ২০ জুন চেন্নাইয়ে।

