...|...|...

সারাদেশ

১২ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হলেন ইতমাম

রেদওয়ান হোসাইন রিমন, লক্ষ্মীপুর
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২১
Shares
১২ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হলেন ইতমাম

হাফেজ আব্দুল্লাহ মিনহাজ ইতমাম। ছবি: টাইমস টুডে

মাত্র ১২ বছর বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে লক্ষ্মীপুরের শিশু আব্দুল্লাহ মিনহাজ ইতমাম। কোরআন হিফজ সম্পন্ন করতে তার সময় লেগেছে আড়াই বছর। অল্প বয়সে এমন সাফল্যে খুশি তার পরিবার ও শিক্ষকরা। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।

ইতমাম লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহপুর এলাকার ডাক্তার বাড়ির বাসিন্দা মাওলানা নাসির উদ্দিন মাহমুদ ও নাজমা আক্তার দম্পতির ছোট সন্তান। সে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার হিফজ শাখা আইডিয়াল তাহফিজুল কোরআনের শিক্ষার্থী।

ইতমাম বলেন, আমার বাবা আমাকে হাফেজ হওয়ার স্বপ্ন দেখিয়ে হিফজ পড়তে দিয়েছেন। তাই আমাকে লক্ষ্মীপুর আইডিয়াল তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করেন।পড়তে আমার তেমন কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি ‘বড় হয়ে যেন বড় আলেম হতে পারি সবাই সে দোয়া করবেন।’

জানা যায়, ২০২৫ সালের শুরুতে আইডিয়াল তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয় আব্দুল্লাহ মিনহাজ ইতমাম। এর আগে অন্য একটি মাদ্রাসার হিফজ বিভাগে প্রায় এক বছর পড়াশোনা করে ১৫ পারা কোরআন মুখস্থ করে সে। পরে তাকে ওই মাদ্রাসা থেকে লক্ষ্মীপুর আইডিয়াল তাহফিজুল কোরআন মাদ্রাসায় নিয়ে আসা হয়। সেখানে বাকি ১৫ পারা মুখস্থ করে মাত্র ১২ বছর বয়সেই কোরআনের হাফেজ হয় ইতমাম। একই সাথে সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

তার বাবা মাওলানা নাসির উদ্দিন মাহমুদ বলেন, আমার ছেলে আব্দুল্লাহ মিনহাজ ইতমাম পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন, এতে আমি অত্যান্ত খুশি। তার মায়ের খুব ইচ্ছা ছিলো তাকে হাফেজ বানানোর। আশা করি সে একজন ভালো মানুষ হবে, একজন বড় আলেম হবে।

ইতমামের শিক্ষক হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ইতমাম শারিরীক ভাবে কিছুটা দূর্বল হলেও তার মেধা প্রখর এবং চেষ্টা করেছে সে, যার কারনেই এতো কম বয়সেই কোরআনের হাফেজ হয়েছে সে, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করি।

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন বলেন, আমাদের মাদরাসার ছাত্র আব্দুল্লাহ মিনহাজ ইতমাম মাত্র ১২ বছর বয়সে তার হিফয সম্পূর্ণ করেছে। এটি আমাদের জন্য আনন্দের। সে যথেষ্ট নম্র ও ভদ্র এবং পরিশ্রমী। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার পুরো জীবন কোরআন অনুযায়ী পরিচালনার তৌফিক দান করেন।