...|...|...

বিশ্ব

পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আজ, চলছে আনুষ্ঠানিকতা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, সকাল ১০:৫১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৭
Shares
পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আজ, চলছে আনুষ্ঠানিকতা

পবিত্র কাবা শরিফ। ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের সর্বাধিক পবিত্র স্থান পবিত্র কাবা শরিফের বার্ষিক ধৌতকরণ বা ‘গুসলুল কাবা’ আজ মঙ্গলবার (৩০ জুন), ১৫ মহররম ১৪৪৮ হিজরি অনুষ্ঠিত হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণে শতাব্দীপ্রাচীন এই ধর্মীয় ঐতিহ্য প্রতি বছর নির্ধারিত সময়ে সৌদি আরবে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে এশার নামাজের পর কাবা শরীফের দরজার গিলাফের একটি অংশ ওপরে তুলে দেওয়া হয়, যাতে ধৌতকরণের সময় ভেতরে প্রবেশ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কোনো অসুবিধা না হয়। সাধারণত ফজরের নামাজের পর থেকেই ধৌতকরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

গুসলুল কাবার এই রাষ্ট্রীয় আয়োজনে সৌদি আরবের বাদশাহ অথবা তার মনোনীত বিশেষ প্রতিনিধি নেতৃত্ব দেন। এছাড়া মুসলিম বিশ্বের বিশিষ্ট আলেম-উলামা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নেন। কাবার অভ্যন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন করার এই বিশেষ দায়িত্ব মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত সম্মানজনক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে।

ধৌতকরণে ব্যবহার করা হয় জমজমের পবিত্র পানি, তায়েফের গোলাপ থেকে তৈরি বিশেষ গোলাপ জল এবং উন্নতমানের সুগন্ধি। এ বছর কাবার ভেতরের দেয়াল ও মেঝে ধোয়ার জন্য দুটি রুপার পাত্রে ৪০ লিটার জমজমের পানি রাখা হয়েছে। এর সাথে মেশানো হবে ৫৪০ মিলিলিটার তায়েফি গোলাপ জল, ২৪ মিলিলিটার প্রিমিয়াম গোলাপ তেল, ২৪ মিলিলিটার খাঁটি উদ তেল এবং ৩ মিলিলিটার কস্তুরী। এই বিশেষ সুগন্ধি মিশ্রণ দিয়ে কাবার অভ্যন্তরীণ দেয়াল, মেঝে ও স্তম্ভ পরম যত্নে পরিষ্কার করা হবে।

সাধারণত বছরে দুইবার কাবা শরীফ ধোয়ার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। প্রথমবার পবিত্র রমজান মাসের আগে এবং দ্বিতীয়বার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মহররম মাসের শুরুতে। কাবার ভেতরে প্রবেশের সুযোগ সীমিত হলেও প্রতিবছর এই ধৌতকরণ অনুষ্ঠানের ছবি ও ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যা কোটি কোটি মুসলমানের হৃদয়ে গভীর ধর্মীয় আবেগ ও আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে।