...|...|...

বিশ্ব

১২১ কেজি স্বর্ণ দান করলেন ভারতীয় উদ্যোক্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩০
Shares
১২১ কেজি স্বর্ণ দান করলেন ভারতীয় উদ্যোক্তা

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করেছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও জনহিতৈষী বর্ধমান জৈন। তার স্ত্রী রাধিকা জৈনও এই দানে অংশ নেন। স্বর্ণালংকারগুলোর আনুমানিক মূল্য ২০৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের কাছে এসব স্বর্ণালংকার হস্তান্তর করেন এই দম্পতি।

দান করা ৪৬টি বিশেষ অলংকারের মধ্যে রয়েছে মুকুট, হার, বাহুবন্ধ ও কোমরের গয়নাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী অলংকার। কয়েকটিতে হীরাও বসানো হয়েছে। তিরুমালা তিরুপতি দেবস্থানমসের ইতিহাসে এটিকে অন্যতম উল্লেখযোগ্য দান হিসেবে দেখা হচ্ছে।

বর্ধমান জৈন স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকসেস হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। তিনি শিক্ষা, ক্ষুধা নিরসন ও জরুরি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনহিতকর কাজের সাথেও যুক্ত।

এর আগেও তিরুপতি মন্দিরসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে বড় অঙ্কের অনুদান দিয়েছেন তিনি। শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলে ৭ কোটি রুপি, গোশালার খাদ্য মিশ্রণ কারখানায় ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র কিনতে ১ কোটি রুপি দিয়েছেন। মন্দিরে যাতায়াতের জন্য বৈদ্যুতিক বাসও দান করেছেন তিনি।