...|...|...

খেলা

১১ হাজার রানের নতুন মাইলফলকে মুমিনুল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪২
Shares
১১ হাজার রানের নতুন মাইলফলকে মুমিনুল

মুমিনুল হক। ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তবে ঐতিহাসিক এই অর্জনের দিন নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ২৮ রান করে সাজঘরে ফিরেছেন মুমিনুল।

বুধবার (২৮ অক্টোবর) সকালে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নতুন বলে ক্যারিবীয় পেসার জেইডেন সিলস ও আলজারি জোসেফ নিয়ন্ত্রিত বোলিং করে শুরু থেকেই চাপে রাখেন স্বাগতিকদের। সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৭ রানেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম।

তানজিদের বিদায়ের পর সাদমান ইসলামকে নিয়ে দলের হাল ধরেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে ৮৮ বলে ৫৯ রানের জুটি গড়েন তারা। এই জুটির পথেই প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। তবে ব্যক্তিগত অর্জনের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি।

২৮ রান করে জোমেল ওয়ারিকানের বলে আউট হন মুমিনুল। মিডল ও অফ স্টাম্প বরাবর করা বলটি সামনে এগিয়ে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় মিড অফে দাঁড়িয়ে থাকা শামার জোসেফের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দিনের প্রথম সেশন শেষ করেন সাদমান। ফলে প্রথম সেশনে দুই উইকেট হারালেও বড় সংগ্রহের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

ইনজুরির কারণে এই টেস্টে খেলছেন না অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৯৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ও জোমেল ওয়ারিকান একটি করে উইকেট নিয়েছেন।