...|...|...

সারাদেশ

১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:০০
Shares
১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

শিশুধর্ষণ মামলার প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’। ফাইল ছবি।

নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় ভুক্তভোগী শিশুর নবজাতক কন্যাসন্তানের সাথে আসামির ডিএনএর ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়ার বিষয়টিও মামলার বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক সাগর নিজের নামে থাকা ১১ শতাংশ জমিসহ সব সম্পত্তি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে আদালত তার এ আবেদন নাকচ করে দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। মাদরাসাটির পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ১১ বছর বয়সী ওই ছাত্রীকে নিজের প্রতিষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি পরিবারের কাছেও ঘটনা জানায়নি। একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয় সে।

কয়েক মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়ার পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

ঘটনাটি জানাজানি হলে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। মামলার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র‍্যাব-১৪। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

এদিকে মামলার বিচারপ্রক্রিয়া চলার মধ্যেই গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সাথে শিক্ষক সাগরের ডিএনএর ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়াকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার প্রধান আসামি শিক্ষক সাগরকে মৃত্যুদণ্ড দেন আদালত।