টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১১২ বছর পর বিরল এক কীর্তিতে নাম লেখালেন অলি রবিনসন। অন্তত ২০টি টেস্ট খেলে ১৯-এর নিচে বোলিং গড় রাখা ইতিহাসের প্রথম বোলার হিসেবে দীর্ঘ সময় পর সিডনি বার্নসের পাশে বসলেন ইংল্যান্ডের এই পেসার।
পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে দুই উইকেট নিয়ে রবিনসনের ক্যারিয়ার উইকেট দাঁড়ায় ১০৪-এ। ফলে ২৪ টেস্টে তার বোলিং গড় নেমে এসেছে ১৮.৮৬-তে। সর্বশেষ ১৯১৪ সালে ইংলিশ কিংবদন্তি সিডনি বার্নস ২৭ টেস্টে ১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন।
অন্তত ২০ টেস্ট খেলার শর্তে ২০-এর নিচে বোলিং গড় রয়েছে মাত্র ছয়জন বোলারের। এই তালিকার প্রথম চারজনই টেস্টের শুরুর যুগের ইংলিশ বোলার—বিলি বার্নস (১৫.৫৪), সিডনি বার্নস (১৬.৪৩), ববি পিল (১৬.৯৮) ও জনি ব্রিগস (১৭.৭৫)। পঞ্চম স্থানে রবিনসন (১৮.৮৬) ও ষষ্ঠ স্থানে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ (১৯.৭৯)।
পরিসংখ্যানের চমক এখানেই শেষ নয়। এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের প্রথম বলেই সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন রবিনসন। একই সিরিজে দুবার ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার পঞ্চম বিরল কীর্তিও গড়লেন তিনি। সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে এই কীর্তি গড়িছিলেন ভারতের জহির খান।
পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে আছে।


