...|...|...

সারাদেশ

১০ টাকার জন্য পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু, দেড়বছর পর টিকটকার গ্রেফতার

ফুলপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪৮
Shares
১০ টাকার জন্য পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু, দেড়বছর পর টিকটকার গ্রেফতার

গ্রেফতার আব্দুল হাকিম (২৫)। ছবি: সংগৃহীত

২০২৫ সালের ২৯ মার্চ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১০ টাকার বিনিময়ে টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ দিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় আব্দুল হাকিম (২৫) নামে এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ।

আলোচিত ঘটনার প্রায় দেড় বছর পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল হাকিম উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে টিকটক ভিডিও বানানোর জন্য সৌরভ ক্ষত্রিয় (৭) নামে শিশুটিকে ১০ টাকা দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন হাকিম। সৌরভ ক্ষত্রিয় না বুঝে হাকিমের কথামতো পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর পানির নিচে থাকা লোহার তারকাঁটা শিশুটির পায়ে বিদ্ধ হয়। এতে গুরুতর আহত হয় সৌরভ। তবে ঘটনার বিষয়টি কাউকে জানাতে শিশুটিকে নিষেধ করেন অভিযুক্ত হাকিম বলে জানিয়েছে পুলিশ।

পরে সৌরভের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর ২০২৫ সালের ৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় সৌরভের মা রানু ক্ষত্রিয় থানায় মামলা করেন। মামলার পর দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার অভিযুক্ত আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।