...|...|...

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, জেনে নিন কী কী থাকছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ১১:১৬
Shares
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, জেনে নিন কী কী থাকছে

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে ইউজারনেম ব্যবহার করেই অন্যদের সাথে যোগাযোগ করা যাবে, এমন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মটি। এবার সেই ব্যবস্থায় ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় আরও একটি নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারের মাধ্যমে কে কে ফোন নম্বর দেখতে পারবেন, তা নিজেই নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফোন নম্বরের দৃশ্যমানতা নিয়ন্ত্রণের নতুন প্রাইভেসি সেটিংস নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তবে ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। এমনকি বিটা পরীক্ষার জন্যও এটি উন্মুক্ত করা হয়নি।

ইউজারনেমে যোগাযোগ, গোপন থাকবে ফোন নম্বর

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ শিগগিরই ইউজারনেম সুবিধা চালু করতে পারে। এ ব্যবস্থা কার্যকর হলে কারও ফোন নম্বর জানা ছাড়াই শুধু ইউজারনেম দিয়ে তাকে খুঁজে পাওয়া এবং বার্তা পাঠানো সম্ভব হবে।

বর্তমানে কোনো ব্যবহারকারী ইউজারনেম সেট করলে তার ফোন নম্বর যাদের ফোনে সংরক্ষিত নেই, তাদের কাছ থেকে নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে আড়ালে থাকে। ফলে অপরিচিত কেউ ইউজারনেম ব্যবহার করে যোগাযোগ করলেও সহজে নম্বর দেখতে পারেন না। নতুন ফিচারের মাধ্যমে এই গোপনীয়তার ওপর ব্যবহারকারীরা আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।

চার ধরনের সেটিংস, সিদ্ধান্ত ব্যবহারকারীর

নতুন সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে ফোন নম্বরের দৃশ্যমানতা নিয়ন্ত্রণের জন্য আলাদা বিভাগ যুক্ত হবে। সেখানে চারটি বিকল্প রাখা হতে পারে। এগুলো হলো-‘এভরিওয়ান’, ‘মাই কন্টাক্টস’, ‘মাই কন্টাক্টস এক্সেপ্ট’ এবং ‘নোবডি’।

এর মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে সবার জন্য ফোন নম্বর দৃশ্যমান রাখতে পারবেন। আবার শুধু ফোনে সংরক্ষিত পরিচিত ব্যক্তিদের নম্বর দেখার অনুমতি দিতে পারবেন। নির্দিষ্ট কয়েকজনকে তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগও থাকবে। চাইলে সবার কাছ থেকেই নিজের নম্বর গোপন রাখতে পারবেন।

ইউজারনেম ব্যবহারকারীদের জন্য প্রাথমিকভাবে ‘নোবডি’ অপশনটি ডিফল্ট হিসেবে রাখা হবে। অর্থাৎ, ব্যবহারকারী নিজে সেটিংস পরিবর্তন না করলে তার ফোন নম্বর সবার কাছেই গোপন থাকবে। তবে যাদের ফোনে আগে থেকেই ওই ব্যক্তির নম্বর সংরক্ষিত রয়েছে, তারা আগের মতোই নম্বরটি দেখতে পারবেন।

সেটিংস বদলালে আগের তালিকা মুছে যাওয়ার শঙ্কা

নতুন ফিচারে শুধু নম্বরের দৃশ্যমানতা নিয়ন্ত্রণের সুযোগই থাকছে না, সেটিংস পরিবর্তনের সময় সতর্কবার্তাও দেখাবে হোয়াটসঅ্যাপ।

প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যমানতার অপশন পরিবর্তন করলে আগে থেকে তৈরি করা ব্যতিক্রম বা ‘এক্সেপশন’ তালিকা রিসেট হয়ে যেতে পারে। এতে আগে যাদের ফোন নম্বর দেখার অনুমতি দেওয়া হয়নি, তারাও নতুন সেটিংসের আওতায় নম্বরটি দেখতে পারেন। এ কারণে পরিবর্তন কার্যকর করার আগে ব্যবহারকারীদের বিষয়টি নিশ্চিত করতে হবে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪৫.১-এ নতুন এই ফিচারের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে পৌঁছায়নি। কবে নাগাদ ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।

নতুন সুবিধাটি চালু হলে ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের পাশাপাশি ব্যক্তিগত ফোন নম্বরের গোপনীয়তা রক্ষায় আরও বেশি স্বাধীনতা পাবেন ব্যবহারকারীরা।