...|...|...

খেলা

হোটেলে মারামারির ঘটনায় কারামুক্ত, মুক্তির পরও দেশছাড়ার নির্দেশ উসমানকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮
Shares
হোটেলে মারামারির ঘটনায় কারামুক্ত, মুক্তির পরও দেশছাড়ার নির্দেশ উসমানকে

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কারাগার থেকে মুক্তি পেয়েছেন রুশ এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) যোদ্ধা উসমান নুরমাগোমেদভ। তবে কারামুক্ত হলেও দেশটি থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত রয়েছে। আবুধাবির একটি হোটেলে মারামারির ঘটনায় গ্রেফতারের পর তার সাজা কমানো হয়েছে। একই ঘটনায় আটক তার সাত সহযোগীর সাজাও কমানো হয়েছে বলে জানিয়েছে আবুধাবি বিচার বিভাগ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আবুধাবি বিচার বিভাগ জানায়, ভুক্তভোগীর সাথে সমঝোতা এবং তাদের মুক্তির বিষয়ে আবুধাবি সরকারের কাছে আবেদন জানানোর পর আট আসামির সাজা কমানো হয়েছে। আমিরাতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সাজা ভোগের পর তাদের সবাইকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন আদালত।

প্রাথমিকভাবে উসমান ও তার সাত সহযোগীকে ছয় মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ লাখ দিরহাম জরিমানা করা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ১ কোটি টাকা। পরে জরিমানার অঙ্ক অর্ধেক করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

গত সপ্তাহে আবুধাদির একটি হোটেলে সংঘটিত সংঘর্ষের ঘটনায় ১০ জনকে দোষী সাব্যস্ত করেন আবুধাবির ফৌজদারি আদালত। ওই ঘটনায় উসমান নুরমাগোমেদভ, জর্জিয়ার এমএমএ যোদ্ধা মেরাব দভালিশভিলি এবং তাদের সহযোগীরা জড়িত ছিলেন।

রেসলিং প্রতিযোগিতা আয়োজনের আগে ইয়াস হিলটন হোটেলের লবিতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার রিয়েল আমেরিকান ফ্রিস্টাইলের (আরএএফ) আয়োজনে আবুধাবিতে একটি রেসলিং ইভেন্ট হওয়ার কথা ছিল। সেখানে উসমানের বড় ভাই উমার নুরমাগোমেদভ এবং মেরাব দভালিশভিলির আলাদা প্রতিপক্ষের সাথে লড়াই করার কথা ছিল।

বুধবার হোটেলের লবিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেরাব। এ সময় উসমান ও তার সহযোগীরা সেখানে যান। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পেছন দিক থেকে এসে মেরাবকে চড় মারেন উসমান। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পিএফএল লাইটওয়েট চ্যাম্পিয়ন উসমান নুরমাগোমেদভ অবসর নেওয়া এমএমএ কিংবদন্তি খাবিব নুরমাগোমেদভের চাচাতো ভাই। আরএএফ আবুধাবির প্রতিযোগিতায় তার অংশ নেওয়ার কথা ছিল না। বড় ভাই উমারের লড়াই দেখতে তিনি আমিরাতে গিয়েছিলেন। উমারের প্রতিপক্ষ হিসেবে লড়ার কথা ছিল উরিয়াহ ফ্যাবারের।

তবে সংঘর্ষের ঘটনার পর শুক্রবার আয়োজকেরা প্রতিযোগিতার তালিকা থেকে উমারকে বাদ দেন। তার পরিবর্তে মেরাবের বন্ধু সাবা লাজিশভিলিকে অন্তর্ভুক্ত করা হয়। তিনিও ওই সংঘর্ষে জড়িত ছিলেন।