...|...|...

জাতীয়

সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৭
Shares
সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক।

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না বলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। নির্বাচনে জয়ী হয়ে করিমগঞ্জ ও তাড়াইল এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ওসমান ফারুক। বর্তমানে তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান ওসমান ফারুক। মন্ত্রিসভায় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সাথে সক্রিয়ভাবে কাজ শুরু করেন তিনি। সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই রাজনীতিক।