...|...|...

বিশ্ব

হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ৩:৪১
Shares
হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু

ভারতে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে বৃদ্ধ নিহত। ছবি: সংগৃহীত

ভারতের বিহারে বন্যার্তদের জন্য হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সারান জেলার পরশুরামপুর গ্রামের একটি ত্রাণকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম অনিল কুমার সিং। শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সরকারি কর্মকর্তারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বন্যার কারণে দুর্গত এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় ভারতীয় বিমানবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছিল। এ সময় ওপর থেকে ফেলা একটি ত্রাণের প্যাকেট অনিল কুমারের মাথায় পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মারহাওরার সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা (এসডিপিও) সবিন্দ্র কুমার দাস জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেটের আঘাতেই অনিল কুমারের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় থানার কর্মকর্তা বিমলেশ কুমার বলেন, গ্রামবাসীর কাছ থেকে তারা জানতে পেরেছেন যে ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার মাথা বা শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

একই সময় হেলিকপ্টারের সৃষ্ট প্রবল বাতাসে একটি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে এক নারীর পায়ে আঘাত লাগে। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

অনিল কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তারা তার লাশ মহাসড়কে রেখে বিক্ষোভ করেন এবং ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।

সূত্র: এনডিটিভি