...|...|...

বিশ্ব

হুথিদের দখলে সৌদির ভূখণ্ডের একাংশ, মার্কিন দাবি ঘিরে চাঞ্চল্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৮
Shares
হুথিদের দখলে সৌদির ভূখণ্ডের একাংশ, মার্কিন দাবি ঘিরে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ভূখণ্ডের একটি অংশ দখলে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও পডকাস্টার টাকার কার্লসন। তার অভিযোগ, যুদ্ধের মধ্যে এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলেও মার্কিন গণমাধ্যমে বিষয়টি যথেষ্টভাবে উঠে আসছে না।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সাথে আলাপকালে এ দাবি করেন কার্লসন। তবে তার বক্তব্যের বিষয়ে হুথি কিংবা সৌদি আরব—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পডকাস্টে কার্লসন বলেন, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। তার দাবি, সৌদি ভূখণ্ডের একটি অংশ বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সৌদির ভেতরে হুথি যোদ্ধাদের উপস্থিতি আছে কি না—এমন প্রশ্নের জবাবে কার্লসন বলেন, হ্যাঁ, রয়েছে।

তবে সৌদি আরবের ঠিক কোন এলাকা হুথিরা দখলে রেখেছে কিংবা এই তথ্য তিনি কোন সূত্র থেকে পেয়েছেন—সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

কার্লসনের বক্তব্যের আগে, গত ২ নভেম্বর এক বিশেষ প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছিল, গত অক্টোবরে হুথিরা সৌদি আরবের সামরিক অবস্থান লক্ষ্য করে আন্তসীমান্ত অভিযান চালায়। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে অবশ্য হুথিদের সৌদি ভূখণ্ড দখলে রাখার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইয়েমেনঘেঁষা আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর ঐতিহাসিক দাবি রয়েছে হুথিদের। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এসব অঞ্চল সৌদি আরবের কাছে ছেড়ে দেয়।

কার্লসন আরও মনে করেন, ইরান ছাড়াও অন্য কোনো শক্তি হুথিদের সহায়তা করতে পারে। তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম বলেননি।

অন্যদিকে ড্রপসাইট নিউজের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনের কয়েকটি গোষ্ঠী গোপনে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের অভিযানে সহায়তা করছে।

তবে কার্লসনের সৌদি ভূখণ্ডের অংশ হুথিদের নিয়ন্ত্রণে থাকার দাবিটি এখনও সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।